বিদ্যুতের দাবিতে সহিংস বিক্ষোভ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা গত শুক্রবার রাতে মহাসড়ক অবরোধ, ক্যাম্পাসে ভাঙচুর ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। দোষী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় এলাকাটি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাভুক্ত। এ কারণে ক্যাম্পাসে পল্লী বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রায়ই ক্যাম্পাসে বিদ্যুৎ থাকে না। এ নিয়ে বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিলেন। এ সমস্যা সমাধানের দাবিতে শিক্ষার্থীরা কয়েক দফা বিক্ষোভ, মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। কিন্তু এতে সমস্যার সমাধান হয়নি। শিক্ষার্থীরা গরমে অতিষ্ঠ হয়ে শুক্রবার দিবাগত রাত একটার দিকে হল ছেড়ে ক্যাম্পাসে বেরিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা একত্র হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়ে ক্যাম্পাসের একাডেমিক ভবন, মেডিকেল ভবন, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে প্রশাসনিক ভবনের সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের দুটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি মিনিবাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। এতে মিনিবাস, অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসটি পুড়ে যায়। প্রক্টর ও কয়েকজন শিক্ষক তাঁদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁদেরও লাঞ্ছিত করেন। পরে পুলিশ, র্যাব ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো অবিলম্বে এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। তাঁদের শাস্তি না হওয়া পর্যন্ত পাঠদান ও পরীক্ষা বন্ধ রাখাসহ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির বলেন, ‘বিদ্যুৎ সমস্যার সমাধানে আমরা ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। পল্লী বিদ্যুৎ সমিতি সমস্যা সমাধানে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পৃথক সরবরাহকেন্দ্র স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা এসব জানে। এরপরও তারা কেন, কোন উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আল নকীব চৌধুরী বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল (আজ রোববার) দুপুরে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।