বিদ্যুতের সাবস্টেশনে আগুন, চার ঘণ্টা বিদ্যুৎহীন ঝালকাঠি সদর
ঝালকাঠিতে বিদ্যুতের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে চার ঘণ্টার জন্য বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ঝালকাঠি সদর উপজেলা।
নগরীর কলেজ রোডে বিদ্যুতের সাবস্টেশনের একটি ট্রান্সফরমার আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে সদর উপজেলা। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘণ্টাখানেক চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হলেও বিকল হয়ে যায় ট্রান্সফরমারটি। এটির মাধ্যমে ঝালকাঠির টাউন ফিডার-১, বিকনা ফিডার এবং পালবাড়ী ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এ কারণে বন্ধ হয়ে যায় ১১ কেভি ইনকামিং-২–এর বিদ্যুতের সব লাইন।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) ঝালকাঠি সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, পশ্চিম ঝালকাঠি এবং চাঁদকাঠি ফিডারের যে ট্রান্সফরমারটি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেটির লাইন পরিবর্তন করা হয়েছে।
বিকল্প ট্রান্সফরমার দিয়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে চারটায় বিদ্যুৎ লাইন চালু হয়েছে।
আবদুর রহিম আরও বলেন, বিদ্যুতের লাইন সচল হলেও অন্ধকারে রয়েছে ঝালকাঠি শহরের কিছু অংশ। বিকল্পভাবে যে ট্রান্সফরমারটি দিয়ে বিদ্যুৎ চালু করা হয়েছে, সেটির সার্কিট ব্রেকার বারবার পড়ে যাচ্ছে।