বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট।
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুজনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মারা যাওয়া দুজন হলেন মো. রাজু (২৫) ও ফরহাদ হোসেন (১৮)। তাঁদের বাড়ি সুনামগঞ্জে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরির্দশক (এসআই) শিবলী কায়েত বলেন, নলুয়াপাড়া এলাকার কাউসার মিয়ার নির্মাণাধীন ভবনে রড ওঠানোর সময় রাস্তার পাশে থাকা হাই ভোল্টেজের তারের সঙ্গে জড়িয়ে পড়েন রাজু ও ফরহাদ। বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তাঁরা। খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে লাশের ময়নাতদন্ত ও মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।