বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার, প্রকৌশলীসহ আহত ৪
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলীসহ চারজন কর্মচারীকে এক গ্রাহকের পরিবার পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের গ্রাহক মামুন সরদারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর)-এর সহকারী প্রকৌশলী মশিউর রহমান (৪৮) এবং ওই কার্যালয়ের কর্মচারী ইকবাল হোসেন (৪৫) ফরিদুল ইসলাম (২৮) ও আবদুল আজিজ (২৪)। তাঁদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আজিজের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গ্রাহক মামুন সরদার, তাঁর বাবা বাহার সরদার, চাচা তাহাদ সরদার, মামুনের বোন বন্যা বেগম ও মা আনজুয়ারা বেগমকে আসামি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে গুরুদাসপুর থানায় মামলা হয়েছে। আজ পল্লী বিদ্যুৎ সমিতি–২ (গুরুদাসপুর) –এর উপ মহাব্যবস্থাপক মো. আবদুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন।
আহত কয়েকজন কর্মী বলেন, গ্রাহক মামুন সরদারের চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিল পরিশোধের জন্য কয়েক দফা বলা হলেও বিল পরিশোধ করেননি তিনি। বিল বকেয়া থাকায় সম্প্রতি এক বিশেষ অভিযানে তাঁর সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় মামুনের পরিবারের লোকজন বাঁশ দিয়ে পিটিয়ে এবং ইটপাটকেল ছুড়ে তাঁদের মারাত্মক আহত করে। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার পর থেকে বাড়ি ছাড়া থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, এ ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।