বিদ্যুৎস্পৃষ্টে গাছেই ঝুলে ছিলেন তরুণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে ছিলেন এক তরুণ। পরে তিনি মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বর্নি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তরুণের নাম রনি সরদার (২৭)। তিনি গোপালগঞ্জের সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের সিঙ্গারকুল গ্রামে আইয়ুব আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্নি উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলীর বাড়ির রেইনট্রি কাটতে গাছে চড়েন শ্রমিক রনি সরদার। এ সময় গাছে জড়িয়ে থাকা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছেই ঝুলে ছিলেন। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনে ফোন করে বিষয়টি জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছের মগডাল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইয়ার আলী তাঁকে মৃত ঘোষণা করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।