বিদ্যুৎস্পৃষ্টে প্রায়ই মরছে বন্য প্রাণী

মৌলভীবাজারের এই উদ্যান বিপন্ন বন্য প্রাণীর আবাসস্থল। এই উদ্যানে গত দুই সপ্তাহেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারটি চশমাপরা হনুমানের মৃত্যু হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান বিপন্ন বন্য প্রাণীর আবাসস্থল। এই উদ্যানে বিশ্বের বিপন্ন, বিরল অনেক প্রাণীর বাস। অনেক প্রাণী আছে, যারা গাছেই বাস করে। এরা গাছে গাছে ঘুরতে গিয়ে উদ্যানের ভেতর ও উদ্যান-সংলগ্ন এলাকার বিদ্যুতের খোলা তারে স্পৃষ্ট হয়ে প্রায়ই আহত হচ্ছে ও মারা পড়ছে।

গত এক বছরে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও উদ্যান-সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান, চশমাপরা হনুমানসহ নয়টি বন্য প্রাণীর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত দুই সপ্তাহেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারটি বিপন্ন চশমাপরা হনুমানের মৃত্যু হয়েছে। মৃত্যু রোধে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিকে খোলা তারের পরিবর্তে আবরণযুক্ত তার প্রতিস্থাপনের জন্য চিঠি দিয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রায় ১০ কিলোমিটার এবং সংলগ্ন এলাকায় ২০ থেকে ৩০ কিলোমিটারজুড়ে খোলা তারের বিদ্যুতের লাইন রয়েছে। এই তারে স্পৃষ্ট হয়ে প্রায়ই বন্য প্রাণী মারা পড়ছে। ৩ মার্চ লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি চশমাপরা হনুমানের মৃত্যু হয়। হনুমানটির সঙ্গে ছিল তিন-চার দিন বয়সী শাবক। শাবকটিকে উদ্ধার করে জানকীছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। ৭ মার্চ হনুমানশাবকটি মারা যায়। এ ছাড়া গত ২২ ফেব্রুয়ারি লাউয়াছড়া-সংলগ্ন ফুলবাড়ি চা-বাগান এলাকায় একটি এবং ২৬ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার রহিমপুর এলাকায় একটি চশমাপরা হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

২০২১ সালের ৯ এপ্রিল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এলাকায় একটি লজ্জাবতী বানার, ১৮ জুন রামনগর এলাকায় একটি চশমাপরা হনুমান, ১৬ জুলাই কালাছড়া বিট অফিসের সামনে একটি মুখপোড়া হনুমান, ২৪ জুলাই ভিক্টোরিয়া স্কুলের সামনে একটি বানর ও ১৩ সেপ্টেম্বর আরেকটি বানরের মৃত্যু হয়। গত বছরের ১৪ সেপ্টেম্বর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যান ও উদ্যানের পার্শ্ববর্তী লোকালয়ে বিদ্যমান বৈদ্যুতিক লাইনের আবরণবিহীন তারের পরিবর্তে রবারের বা অন্য বিদ্যুৎ অপরিবাহী মাধ্যমের আবরণযুক্ত তার প্রতিস্থাপন করতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক বরাবর চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, লাউয়াছড়া জাতীয় উদ্যানটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাধীন একটি সংরক্ষিত বনাঞ্চল। এ বনাঞ্চল ১৯১৭ সালে তদানীন্তন আসাম সরকার সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে। ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার এ বনাঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৬৭ প্রজাতির বৃক্ষ, ২৪৬ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী, ৫৯ প্রজাতির সরীসৃপ (৩৯ প্রজাতির সাপ, ১৮ প্রজাতির লিজার্ড, ২ প্রজাতির কচ্ছপ), ২২ প্রজাতির উভচরসহ অসংখ্য বিরল ও বিপন্ন প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থল ও প্রজননক্ষেত্র। উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্যে বাংলাদেশের মধ্যে লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চলের অবস্থান অন্যতম। এমন অবস্থায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিদ্যমান বিভিন্ন বিরল ও বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী বন্য প্রাণীসহ সার্বিক জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণের স্বার্থে জরুরি ভিত্তিতে উদ্যান ও উদ্যান-সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক লাইনের আবরণবিহীন তারের পরিবর্তে রবারের বা বিদ্যুৎ অপরিবাহী নিরাপদ মাধ্যমের আবরণযুক্ত বৈদ্যুতিক তার প্রতিস্থাপন করতে অনুরোধ জানানো হয়েছে।

লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের আহ্বায়ক জলি পাল গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বিষয়ে আগেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আবার কথা বলব। আমরা চাই, বিদ্যুতের তারের কারণে কোনো বন্য প্রাণীর যেন মৃত্যু না হয়।’