বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের এক ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার নওগাঁর আত্রাই উপজেলার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বিভাগের সভাপতি জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাইন্যান্স বিভাগ সূত্রে জানা যায়, মৃত ওমর ফারুক বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি সেমিস্টার ফাইনালের দুটি পরীক্ষা দিয়েছিলেন। তাঁর আরও তিনটি পরীক্ষা বাকি ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান। গতকালই তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গত ৩১ মে ওই শিক্ষার্থীর বাবা মারা যান।
এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদ হোসেন ওমর ফারুকের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।