ময়মনসিংহের নান্দাইলে সাতটি গ্রামে বিদ্যুৎ-সংযোগের প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েক ব্যক্তি এসব গ্রামের বাসিন্দাদের কাছ থেকে সংযোগপ্রতি সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকা নিচ্ছেন। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, ওই অঞ্চলে বিদ্যুতের সঞ্চালন লাইন তৈরি হচ্ছে। এখনো গ্রাহক পর্যায়ে সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। তাই কোনো টাকা জমা নেওয়া হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুশুলি ইউনিয়নের ইন্দারগাতী, লতিফপুর, দাপনহাটি, কাওয়ারগাতী, চকমতির একাংশ, মাইজহাটির একাংশ, রাজাগাতী ইউনিয়নের রাজাগাতী গ্রামে বিদ্যুতের সঞ্চালন লাইন তৈরি হচ্ছে। বিদ্যুৎ-সংযোগ পেতে এসব গ্রামের মানুষ স্থানীয় কয়েক ব্যক্তির কাছে টাকা জমা দিয়েছেন। কেউ কেউ এক বছর আগেও টাকা দিয়েছেন। এসব গ্রামের অর্ধশতাধিক লোকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকা করে দিয়েছেন। তাঁদের হিসাবমতে, সংযোগ পেতে অন্তত ৬৫০ পরিবার টাকা জমা দিয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, এসব গ্রামে বিদ্যুতের খুঁটি পোঁতা হয়েছে। খুঁটিতে তার লাগিয়ে সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে সংযোগ দেওয়া হয়নি।
ইন্দারগাতী গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, তাঁদের কাছ থেকে গ্রামের মো. মোজাম্মেল হোসেন ও রোজাক মিয়া নামের দুই ব্যক্তি টাকা নিয়েছেন। একই গ্রামের সঞ্জু মিয়া (৫৫) বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে আমি ও আমার তিন ভাই মোজাম্মেল হোসেনকে ২৪ হাজার টাকা দিয়েছি। কিন্তু এখনো সংযোগ পাইনি।’
টাকা নেওয়ার কথা স্বীকার করে মোজাম্মেল হোসেন বলেন, ‘ওই টাকা বিদ্যুৎ-সংযোগ পেতে খরচ করা হবে। এরই মধ্যে ১১৬ জনের ঘরে ওয়্যারিং করে দেওয়া হয়েছে। সঞ্চালন লাইন চালু হলে সবাই সংযোগ পাবে।’ অন্য ছয়টি গ্রাম থেকে টাকা নিচ্ছেন নবীয়াবাদ গ্রামের মো. হাদিস মিয়া ও সুরুজ আলী। টাকা নেওয়ার কথা স্বীকার করেন হাদিস মিয়া বলেন, ‘আমার এক আত্মীয়ের মাধ্যমে তিন বছর আগে মুশুলি ইউনিয়নের মেরেঙ্গা ও নবীয়াবাদ গ্রামের লোকজন বিদ্যুৎ-সুবিধা পেয়েছে। এবার তাঁকে (বড় কর্মকর্তা) ধরে এসব গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। অফিস খরচ থেকে শুরু করে ওয়্যারিং, পরিদর্শন, বিদ্যুৎ কর্মকর্তাদের খুশি করা, জামানত প্রদান প্রভৃতি কাজ আমরাই করে দেব।’
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মনির উদ্দিন মজুমদার বলেন, ‘সংযোগের জন্য কাউকে টাকা দিতে বারণ করে মাইকিং করেছি। কর্তৃপক্ষের মুঠোফোন নম্বর দিয়ে প্রচারপত্র বিলি করেছি।’