বিদ্যুৎ-সংযোগের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুটি গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে একটি চক্র ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। দুই গ্রামের দরিদ্র বাসিন্দারা ধারদেনা করে এসব টাকা দিয়ে বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী ব্যক্তিরা তাঁদের টাকা ফেরত পেতে সম্প্রতি সহকারী পুলিশ সুপারের (শিবালয় সার্কেল) কাছে লিখিত আবেদন করেছেন। খলসী ইউনিয়নের পার মাস্তুল এবং কান্দাপাড়া গ্রাম দুটির বাসিন্দরা এ চক্রের ফাঁদে পড়েন। ১৮০ জন গ্রামবাসীর কাছ থেকে দুই থেকে সাত হাজার করে মোট ১০ লাখ ১৫ হাজার আদায় করে নেন চক্রের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, ধলেশ্বরী নদীর পাশে খলসী ইউনিয়নের বিষ্ণপুর কুন্ডুরাজি গ্রাম ও পার মাস্তুল বাজারে বিদ্যুৎ-সংযোগ রয়েছে। তবে এ দুটি এলাকার মাঝে কান্দাপাড়া ও পার মাস্তুল গ্রামে এখনো বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। বিদ্যুৎ না থাকায় দুটি গ্রামের দুই হাজারের বেশি বাসিন্দা ভোগান্তিতে রয়েছেন।
পুলিশ এবং ভুক্তভোগী একাধিক গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি মাসে পাশের খোর্দ ছাতিয়ান গ্রামের আলমগীর হোসেন ছয় মাসের মধ্যে খুঁটি বসিয়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলেন। পরে তিনি পল্লী বিদ্যুতের ঠিকাদার পরিচয়ে সাভারের শাহ আলম নামের এক ব্যক্তিকে গ্রামে নিয়ে আসেন। এরপর গ্রাহকদের কাছ থেকে দুই হাজার টাকা করে নেওয়া শুরু করেন। আলমগীর তাঁর বড় ভাই মঞ্জুরুল ইসলামকেও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) প্রকৌশলী বলে গ্রামের লোকজনের কাছে পরিচয় করিয়ে দেন। আলমগীরের বোন কান্দাপাড়া গ্রামের গৃহবধূ শায়মানা বেগম গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ে তাঁকে সহযোগিতা করেন।
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা বছির উদ্দিন, মনোয়ার হোসেন এবং পার মাস্তুল গ্রামের মহিদুল ইসলাম বলেন, দুই মাসেও গ্রামে কোনো বৈদ্যুতিক খুঁটি না বসায় তাঁরা আলমগীরের সঙ্গে যোগাযোগ করেন। তখন আলমগীর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাইন স্থাপনের জন্য আবারও তাঁদের (ভুক্তভোগী ব্যক্তিদের) কাছ থেকে দুই থেকে ছয় হাজার টাকা করে আদায় করেন।
এরপরও বিদ্যুৎ না এলে গ্রামবাসী ২০১৩ সালের শেষের দিকে ঢাকার আশুলিয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগাযোগ করেন। তখন তাঁরা জানতে পারেন, শাহ আলম নামের কোনো কর্মকর্তাই ওই কার্যালয়ে নেই।
গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের আয় কম। তারপরও তাঁরা বিদ্যুৎ পাওয়ার আশায় ধার করে টাকা দিয়েছেন। সুদ করে ধার নেওয়া টাকা পরিশোধ করতে কারও কারও জমিও বিক্রি করতে হয়েছে। কান্দাপাড়া গ্রামের ভায়লা বেগম (৪০) বলেন, ‘পিরায় (প্রায়) তিন বছর আগে গেরামের কয়েকজন মাইনষেরসহ আমাগো বাড়িতে কারেন্টের (বিদ্যুৎ-সংযোগ) জন্য আলমগীরকে ৫০ হাজার ট্যাহা দিচি। কিন্তু এহনও কারেন্ট দেয় নাই। ২২ ডিসিমেল (শতক) জমি বেইচ্যা মাইনষের (মানুষের) ট্যাহা শোধ করচি।’
শায়মানা বলেন, তাঁর ভাই আলমগীর এ টাকা নেননি। শাহ আলম নিয়েছেন। তাঁকে পাওয়া যাচ্ছে না।
খলসী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও পার মাস্তুল গ্রামের বাসিন্দা আফছার উদ্দিন বলেন, প্রতারকদের কথায় বিশ্বাস করে দুটি গ্রামের সহজ-সরল লোকজন টাকাগুলো দিয়েছেন। তিনি নিজেও ছয় হাজার টাকা দিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিনে বিদ্যুতের সংযোগ না দেওয়ায় আলমগীরের কাছে টাকা চাইলে নানাভাবে টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানান। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) হারুন অর-রশিদের কাছে টাকাগুলো উত্তোলনের জন্য গ্রাহকদের পক্ষ থেকে তিনি এ বছর লিখিত আবেদন করেছেন।
আলমগীর হোসেন বলেন, টাকাগুলো শাহ আলম নিয়েছেন। পূর্বপরিচয় থাকায় শাহ আলমের কথা বিশ্বাস করে তিনি ভুল করেছেন। তবে শাহ আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) উপমহাব্যবস্থাক (টেকনিক্যাল) সোহেল আকতার বলেন, আলমগীর হোসেন ও শাহ আলম নামে দৌলতপুরের দায়িত্বে পবিসের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী নেই। পবিসের কেউ কোনো টাকা-পয়সা নিয়ে থাকলে বিষয়টি তিনি দেখতেন। পবিসের কার্যালয়ে যোগাযোগ না করে কাউকে টাকা-পয়সা দেওয়াটা গ্রামের লোকজনের বোকামি।
সহকারী পুলিশ সুপার হারুন অর-রশিদ বলেন, প্রতারণার অভিযোগ থাকলে ভুক্তভোগী ব্যক্তিদের আদালতে মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে।