
বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে মনোনয়নের প্রত্যয়নপত্র গতকাল বৃহস্পতিবার হেলিকপ্টারে নিয়ে এলেন স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান। এদিন ছিল আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তাঁর এমন কর্মকাণ্ডকে বেআইনি বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এ ঘটনার দুদিন আগে গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বেতাগী পৌরসভার বর্তমান মেয়র আলতাফ হোসেনকে মনোনয়ন দিয়ে চিঠি দিয়েছিল। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী এ বি এম গোলাম কবিরের সমর্থকেরা হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ অবস্থায় আলতাফের মনোনয়ন বাতিল করে গোলাম কবিরকে মনোনয়ন দেওয়া হলো।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর একজন সাংসদের এ ধরনের কার্যকলাপ নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন ও বেআইনি।
দলীয় সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টারে করে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের প্রত্যয়নপত্র নিয়ে বেতাগী যান ওই সাংসদ। হেলিকপ্টারটি বেতাগী উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে নামে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী সাংসদকে অভ্যর্থনা জানান। পরে প্রত্যয়নপত্রটি গোলাম কবিরের হাতে পৌঁছে দেন সাংসদ। এরপর মিছিল নিয়ে সাংসদ নিজ কার্যালয়ে যান। বেলা পৌনে তিনটার দিকে সাংসদ হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।
এ ব্যাপারে বর্তমান মেয়র আলতাফ হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, একজন সাংসদ হেলিকপ্টারে করে নির্বাচনী এলাকায় আসতে পারেন না। এটা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন ও বেআইনি। এ ছাড়া তিনি ইউএনওর দপ্তরে গেছেন। এটাও নির্বাচনী কাজে প্রভাব বিস্তারের শামিল।
আলতাফ হোসেন আরও বলেন, ‘একজন সাংসদ একজন প্রার্থীর পক্ষে হেলিকপ্টারে করে এ ধরনের কাগজপত্র বয়ে আনতে পারেন না। এটা নজিরবিহীন ঘটনা। আমি এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করব।’
অভিযোগের ব্যাপারে সাংসদ শওকত বলেন, ‘আমি তো নির্বাচনী কোনো কাজে যাইনি।’ প্রার্থীর পক্ষে হেলিকপ্টারে করে প্রত্যয়নপত্র নিয়ে যাওয়া কি নির্বাচনী কাজ নয়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনোনয়নপত্র দাখিল করতে যাইনি।’
এটা নির্বাচনী আচরণের লঙ্ঘন কি না, জানতে চাইলে সাংসদ বলেন, ‘না, এটা প্রচারণা শুরুর পর হলে লঙ্ঘন হবে, আগে নয়।’ তফসিল ঘোষণার পরই এ ধরনের কাজ করাটা বিধির লঙ্ঘন বলে জানালে তিনি বলেন, ‘এটা আমার জানা নেই।’
জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার গতরাতে প্রথম আলোকে বলেন, ‘সাংসদ হেলিকপ্টারে করে বেতাগীতে এসেছিলেন। কিন্তু এ বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি।’
বেলা আড়াইটার দিকে আলতাফ হোসেন বিদ্রোহী প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ: বরগুনা সদরে মেয়র পদে মনোনয়ন পরিবর্তনের দাবিতে তৃতীয় দিনের মতো গতকাল বিক্ষোভ করেছেন এখানকার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সমর্থকেরা। এ সময় সড়ক অবরোধ করেন তাঁরা। এখানে জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান মহারাজকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে শাহাদাত হোসেনের সমর্থনে জেলা রিকশাচালক ইউনিয়নের নেতা-কর্মীরা ধর্মঘটের ডাক দিয়ে শহরে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা শহরের প্রধান সড়কটি অবরোধ করেন। এ কারণে সড়কে যান চলাচল বেলা একটা পর্যন্ত বন্ধ থাকে। কর্মসূচিতে জেলা ছিন্নমূল সমিতি, ঘাট শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের লোকজনও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জনমতকে উপেক্ষা করে বরগুনা সদরে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে বর্তমান মেয়র শাহাদাতকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।