চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে সোনাকানিয়ার মির্জাখিলের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে হামলাকারীরা মির্জাখিলের মাঝিরপাড়া এলাকায় বিদ্রোহী প্রার্থীর দুজন সমর্থকের বাড়িতেও ভাঙচুর করেন।
মো. সেলিম উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় সম্প্রতি দল থেকে তাঁকে সাময়িক বহিষ্কার হয়। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. জসিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে জসিম উদ্দিনের লোকজন মির্জাখিলের বাংলাবাজার এলাকার পূর্ব পাশে জড়ো হন। পরে রাত সাড়ে ১২টার দিকে মুখোশ পরা এক ব্যক্তি সেলিম চৌধুরীর বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে গেট খুলে দেন। এরপর ৩০-৪০ জন লাঠিসোঁটা হাতে প্রবেশ করে বাড়ির উঠানের নির্বাচনী কার্যালয় ও ঘরের কাচের জানালা ভাঙচুর করেন। এ সময় তাঁরা সেলিম চৌধুরী গাড়ির চালক মো. সাজ্জাদ হোসেন (২৭) ও সমর্থক হারুনুর রশিদকে (৫৫) মারধর করেন।
সেলিম উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। প্রায় ২০-২৫ মিনিট তাণ্ডব চালান তাঁরা। এ সময় তাঁরা নির্বাচনী পোস্টারগুলো পাশের পুকুরে ফেলে দেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার দুপুরের দিকে সেলিম উদ্দিন তাঁর প্রচারণায় শিবিরের ক্যাডার ও চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে তাঁদের বিরুদ্ধে অশ্লীল ও উসকানিমূলক স্লোগান দেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি নৌকার পক্ষে কাজ করছেন। কটূক্তি ও অশ্লীল স্লোগান দেওয়ায় নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হন। তাই তাঁরা সেলিম চৌধুরীর বাড়িতে ঢুকে পড়েন। তিনি তাঁদের নিবৃত্ত করার জন্যই সেখানে গিয়েছিলেন।
আওয়ামী লীগের প্রার্থী মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থী সেলিম জামায়াত-শিবিরের লোক এনে মিছিল ও প্রচারণা চালাচ্ছেন। তাঁর ঘরে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা জড়ো হয়েছেন, এমন খবর পেয়ে আওয়ামী লীগের লোকজন হামলা করেছেন। তিনি সেখানে ছিলেন না।
সাতকানিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে প্রথম আলোকে বলেন, একদল লোক সেলিম চৌধুরীর বাড়ির উঠানে ঢুকে নির্বাচনী কার্যালয় ও বাড়ির জানালা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউপিতে ভোট গ্রহণ হবে। এর মধ্যে চারটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।