বিদ্রোহী প্রার্থী হওয়ায় ঝিনাইদহের ১২ ইউপিতে আ.লীগের ১৬ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ ইউপিতে ১৬ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন এস বি কে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আরিফান হাসান চৌধুরী, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার, একই ইউনিয়নের আরেক বিদ্রোহী প্রার্থী মো. শরিফুল ইসলাম, পান্তাপাড়া ইউনিয়নে মো. মাজহারুল ইসলাম, স্বরুপপুর ইউনিয়নে হুমায়ন কবির, শ্যামকুর ইউনিয়নে মো. জামিরুল ইসলাম, কাজীরবেড় ইউনিয়নে মো. ইয়ানবী, নেপা ইউনিয়নে নাজমুল আলম, বাশবাড়িয়া ইউনিয়নে আবদুল মালেক মণ্ডল, মো. ইমদাদুল হক ও মো. নাজমুল হুদা, নাটিমা ইউনিয়নে মো. আবদুল লতিফ ও মো. আজাদুর রহমান, আজমপুর ইউনিয়নে মো. আজিজুর রহমান মন্টু ও মো. শরিফুল ইসলাম এবং মান্দারবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শফিদুল ইসলাম।

চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হলে তাঁকে দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে। এ কারণে মহেশপুর উপজেলার ১২ ইউপিতে যাঁরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, তাঁরা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান বলেন, এটা দলীয় সিদ্ধান্ত। দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে।