ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান, যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার এবং খান মোহাম্মদ শাহ সুলতান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী বলে জেলা যুবলীগের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ওই চিঠিতে আরও বলা হয়, বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১২ ডিসেম্বর রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাতে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেননি। ফলে গঠনতন্ত্রের ২২ (ক) ধারা অনুযায়ী এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খানের নির্দেশক্রমে সংগঠন থেকে রফিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো. রফিকুল ইসলামের মুঠোফোনে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ ব্যাপারে খুদে বার্তা দিলেও তিনি সাড়া দেননি।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে চতুলসহ বোয়ালমারী উপজেলার ১০টি এবং পাশের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউপির অনুষ্ঠিত হবে। চতুল ইউপিতে রফিকুল ইসলামসহ (চশমা) মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মো. আবুল বসার।