‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় শিবালয়ে ৯ জনকে আ.লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৯ নেতা-কর্মীকে দল ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক আবদুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে এ বিষয়টি জানানো হয়।

ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলের গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা অনুযায়ী ওই ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার ৯ জন হলেন শিবালয় মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহসিন রাজু, তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম, তেওতা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য ও বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান আলী মৃধা, উথলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আয়নাল হক, মহাদেবপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জালাল সরকার এবং আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোনায়েম মুনতাকিম রহমান খান।

বহিষ্কার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুর রহমান বলেন, গতবার নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন। এবারও ভোটারদের চাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ভোট হলে তিনি জয়ী হবেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, দলীয় পদে থেকে যাঁরা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব ধরনের পদ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় পদে থেকে যাঁরা নৌকার বিরুদ্ধে কাজ করছেন, তাঁদের সতর্ক করা হয়েছে।