‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় সাতকানিয়ায় ১৭ জনকে আ.লীগ থেকে বহিষ্কার
সপ্তম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যায় বিষয়টি জানানো হয়। আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউনিয়নে নির্বাচন হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী হয়েও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৭ জন নেতা-কর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হবে।
বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতা–কর্মীরা হলেন চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মঈনুদ্দিন চৌধুরী (আনারস), সোনাকানিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আবু তাহের (আনারস) ও উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম উদ্দিন চৌধুরী (মোটরসাইকেল), ঢেমশা ইউনিয়নে উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মজিদ (আনারস), আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এস এম হারুন (আনারস), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক চৌধুরী (টেলিফোন) ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম হানিফ (ঘোড়া), কালিয়াইশ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ফেরদৌস চৌধুরী সোহেল (আনারস) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান (মোটরসাইকেল), ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক মাহমুদ (ঘোড়া), পশ্চিম ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মাবুদ সেন্টু (টেবিল ফ্যান) ও সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিদোয়ানুল ইসলাম (আনারস), ধর্মপুর ইউনিয়নে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী (আনারস), নলুয়া ইউনিয়নে সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী (আনারস) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহমহিলাবিষয়ক সম্পাদক তসলিমা আকতার (চশমা), কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ছালাম (মোটরসাইকেল) ও বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী (আনারস)।
ধর্মপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, গতবারের নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবার দল থেকে মনোনয়ন না দিলেও এলাকার ভোটাদের চাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ভোট হলে এবারও বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন বলে দাবি করেন তিনি।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দলীয় পদে থেকে যাঁরা ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তাঁদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য আগে চিঠি দেওয়া হয়েছিল। তারপরও তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাঁদের বহিষ্কার করা হয়েছে। আর যেসব নেতা-কর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করবেন, তাঁদের বহিষ্কার করা হবে।