বিদ্রোহী প্রার্থী হওয়ায় সুনামগঞ্জে আ.লীগের ৬ নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। ২০ ডিসেম্বর রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও এই ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী শাহজাহান কাজী, দিরাই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জগদল ইউপির বিদ্রোহী প্রার্থী শিবলি আহমেদ বেগ, দিরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য তাড়ল ইউপির বিদ্রোহী প্রার্থী আকিকুর রেজা, একই উপজেলার রফিনগর ইউপির বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিবপুর ইউপির বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস। একই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাল্লা ইউপির বিদ্রোহী প্রার্থী মো. আবু লেইছ চৌধুরী।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল আহমদকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় ২৬ ডিসেম্বর এবং শাল্লা উপজেলায় ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।