বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ১০ নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় সিলেটের ওসমানীনগর ও কোম্পানীগঞ্জ উপজেলার ১০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাফিজ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সমজ্জুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুরমান হোসাইন, তাজপুর ইউপিতে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অরুণোদয় পাল ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী এবং উছমানপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল আজাদ।

এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপিতে তিনজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল ওয়াদুদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মজনু মিয়া।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় ওসমানীনগরে সাতজন ও কোম্পানীগঞ্জের তিনজনকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ৩১ জানুয়ারি এসব ইউনিয়নে ভোট গ্রহণ হবে।