বিদ্রোহী প্রার্থীর গাড়ি ভাঙচুর, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীন চেয়ারম্যান প্রার্থী জাবেদ হোসেনের সমর্থকেরা কেন্দ্রে হামলা চালিয়ে এই ভাঙচুর করে বলে অভিযোগ।

আজ রোববার ইউনিয়নের হানুবাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে ভোটাররা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়া (আনারস) কেন্দ্রে উপস্থিত ছিলেন। এ সময় তাঁর গাড়ির সামনের ও পাশের গ্লাস ভাঙচুর করা হয়। তবে গাড়িতে কেউ ছিলেন না।

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এর মধ্যে সব কটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরে দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের ১৩ জন নেতা-কর্মী চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে রয়েছেন।

আজ রোববার দুপুরের দিকে রামগঞ্জ উপজেলার ১ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়ার এজেন্ট নেই। পরে প্রকাশ্যে সিল মারা হয় নৌকায়। দুপুর ১২টার দিকে হানুবাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট ছিল না।

তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মোহায়েমেন বলেন, ‘সকালে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টে এসেছে। এক ঘণ্টা পর আর তাদের দেখা পাইনি।’

স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, ভোট শুরুর এক ঘণ্টা পর কেন্দ্র থেকে নৌকা প্রার্থীর লোকজন তাঁদের এজেন্ট বের করে দিয়েছেন। বিষয়টি তাঁরা প্রিসাইডিং কর্মকর্তাকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে নৌকার প্রার্থী মোহাম্মদ জাবেদ জানান, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ সঠিক নয়। পরাজয় নিশ্চিত জেনে তাঁরা মিথ্যাচার করছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের বলেন, এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে কোনো প্রার্থী ফোনে যেকোনো অভিযোগ জানালে সেটিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিটি ইউনিয়নেই একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।