বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল মঞ্জুর। একই ওয়ার্ডে মাঠে আছেন দলটির বিদ্রোহী প্রার্থীও। এতে দ্বিধায় পড়েছেন ক্ষমতাসীন দলের তৃণমূলের নেতা–কর্মীরা।
এই ওয়ার্ডে বিএনপি–সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম। দলের বিদ্রোহী হিসেবেও নির্বাচন করছেন আরও তিনজন। এ ছাড়া ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডেও আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত প্রার্থীর বাইরে দলের বিদ্রোহী প্রার্থী আছেন।
২৫ নম্বর ওয়ার্ড
নাখালপাড়া, আরজতপাড়া, সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার এলাকা নিয়ে ২৫ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন দলের তেজগাঁও থানা কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল মঞ্জুর। তাঁর নির্বাচনী প্রতীক মিষ্টিকুমড়া। তবে এই ওয়ার্ডে আওয়ামী লীগের আরও দুজন প্রার্থী আছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের ২৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মীর আশরাফ উদ্দিন খান। তিনি লড়ছেন ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক নিয়ে। নির্বাচনী মাঠে আরও আছেন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী মোল্লা। তাঁর প্রতীক ঠেলাগাড়ি।
দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে মোকছেদ আলী মোল্লা বলেন, ‘দলের সমর্থন চেয়ে আবেদন করেছিলাম, পাইনি। পরে তৃণমূলের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি।’
আওয়ামী লীগের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি রুস্তম আলী বলেন, এই ওয়ার্ডে একক প্রার্থী নির্ধারণে বিদ্রোহীদের নিয়ে একাধিকবার বসেছি। তাঁদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি নির্বাচনের আগেই তাঁরা দলীয় প্রার্থীকে সমর্থন দেবেন।
২৫ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম। তিনি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন দুজন। তাঁরা হলেন হাসেম মিয়া ও শেখ জিয়াউর রহমান। দলীয় পদবি না থাকলেও এলাকায় তাঁরা বিএনপির নেতা হিসেবে পরিচিত। জানতে চাইলে শেখ জিয়াউর রহমান বলেন, ‘আমি নাখালপাড়ার স্থানীয়। আমার পরিবারেই প্রায় ২ হাজার ভোটার আছেন। তাঁদের সমর্থন নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। এখন নির্বাচনী মাঠ ছাড়ার প্রশ্নই আসে না।’
বিএনপি–সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘এই এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসেন। তাঁদের ভোটেই আমি নির্বাচিত হব।’ ২৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আবু ফারুক।
২৬ নম্বর ওয়ার্ড
কারওয়ান বাজার, তেজতুরী বাজার, তেজকুনীপাড়া, রেলওয়ে কলোনি এলাকা নিয়ে ২৬ নম্বর ওয়ার্ড।
ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বর্তমান কাউন্সিলর শামীম হাসান। দলের তেজগাঁও থানার এই সাধারণ সম্পাদক লড়ছেন মিষ্টিকুমড়া প্রতীক নিয়ে। বিদ্রোহী হিসেবে মাঠে আছেন ২৬ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা। তাঁর প্রতীক রেডিও।
জানতে চাইলে মাসুদ রানা বলেন, ‘আমি নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এখন প্রচার-প্রচারণা চালাচ্ছি।’ আর শামীম হাসান বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন মাসুদ রানা। তাঁকে প্রার্থিতা প্রত্যাহার করতে চিঠি দিয়েছে মহানগর কমিটি। কিন্তু তা তিনি আমলে নেননি।
২৬ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান। ঘুড়ি প্রতীকের এই প্রার্থীর আশা, আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।
২৭ নম্বর ওয়ার্ড
ফার্মগেট, মণিপুরিপাড়া, রাজাবাজার, ইন্দিরা রোড, শেরেবাংলা নগর, গ্রিন রোড এলাকা নিয়ে ২৭ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান কাউন্সিলর ফরিদুর রহমান খান ওরফে ইরান। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ফরিদুর রহমান খান বলেন, ‘গত সাড়ে চার বছরে ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কারসহ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছি। তাই আবার আমাকে সমর্থন দিয়েছে দল। এবার নির্বাচিত হলে ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ডে রূপান্তর করব।’
২৭ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী আনোয়ারুজ্জামান। ঘুড়ি প্রতীকের এই প্রার্থী বিএনপির ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক। বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আবেদ আলী। মিষ্টিকুমড়া প্রতীক নিয়ে লড়াই করা এই প্রার্থী বিএনপির বড় কোনো পদে নেই। আনোয়ারুজ্জামান বলেন, দলের বিদ্রোহী প্রার্থী নিয়ে তিনি চিন্তিত নন। তবে চিন্তা সুষ্ঠু ভোট নিয়ে।