বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাপস কান্তি দত্তের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে গত রোববার বিদ্রোহী প্রার্থী মো. শহিদুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় শহিদুল্লাহ চৌধুরীর দুই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শহিদুল্লাহ চৌধুরী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন। তিনি বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার দুজন হলেন মো. নাজিম উদ্দিন (৪০) ও তাঁর ছোট ভাই মো. সরোয়ার (৩৮)।

আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বিদ্রোহী প্রার্থী মো. শহিদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের বাজালিয়ার বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। এ ঘটনায় গত রোববার দিবাগত রাতে তাপস কান্তি দত্ত বাদী হয়ে বিদ্রোহী প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে ৫৮ জনের নাম উল্লেখ ও ১২০ জনকে অজ্ঞাতনামা হিসেবে মামলা করেন।

এ ব্যাপারে জানার জন্য শহিদুল্লাহ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। আওয়ামী লীগের প্রার্থী তাপস কান্তি দত্ত প্রথম আলোকে বলেন, ‘শহিদুল্লাহ চৌধুরী এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার জন্য আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেছেন। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিয়েছি।’

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় বিদ্রোহী প্রার্থীকে প্রধান আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার দুই আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।