বিধবার হাত–পায়ের রগকাটা লাশ পড়ে ছিল বিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া সদরের নুইন্যামুইন্যা সেতুর পাশের বিল থেকে মোহছেনা আক্তার (৩৭) নামের এক বিধবার হাত ও পায়ের রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া মোহছেনা আক্তার কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে। মোহছেনার ছেলের অভিযোগ, রিদুয়ান নামের এক ব্যক্তি টাকা দেওয়ার কথা বলে তার মাকে (মোহছেনা) কক্সবাজার শহর থেকে ৭০ কিলোমিটার দূরে পেকুয়ায় নিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ বিলে ফেলে রেখে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকালে কৃষকেরা খেতে চাষাবাদ করতে যাওয়ার সময় নুইন্যামুইন্যা সেতুর পাশের বিলে মোহছেনার লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর দুপুরের দিকে খবর পেয়ে সিআইডি, পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট ঘটনাস্থল যায় এবং ওই নারীর লাশ ও আলামত সংগ্রহ করে।

মোহছেনার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, অন্য কোনো এলাকায় গৃহবধূকে হত্যার পর লাশটি পেকুয়ায় নিয়ে এসে ফেলে রাখা হয়েছে। রিদুয়ান সিকদার নামের এক ব্যক্তি মোহছেনাকে হত্যা করেছেন বলে সন্দেহ করছে পরিবার। মোহছেনার সঙ্গে রিদুয়ানের সম্পর্ক ছিল। এর আগেও রিদুয়ান দুই বিয়ে করেছেন। তাঁকে ধরতে পারলে হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

পুলিশ জানায়, মোহছেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মুঠোফোন, জাতীয় পরিচয়পত্র ও কিছু টাকা রয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্যর ভিত্তিতে মোহছেনার পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহত নারীর ছেলে মো. আরিফ (১৪) বলে, তার বাবা মো. সোলায়মান মালয়েশিয়ায় থাকত। সেখানেই গত বছর তিনি মারা গেছেন। বাবার সঙ্গে মালেয়শিয়াতে চকরিয়া উপজেলা কোনাখালী গ্রামের রিদুয়ান সিকদারের পরিচয় হয়েছিল। সাত–আট মাস আগে রিদুয়ান বাংলাদেশে এসে তার মাকে (মোহছেনা) বিয়ে করেন। তবে মা কখনো রিদুয়ানের বাড়িতে থাকেননি। রিদুয়ান শহরের খাজা মঞ্জিল এলাকায় এসে তাদের বাড়িতে থাকতেন।

আরিফ জানায়, গতকাল সোমবার দুপুরে রিদুয়ান তার মাকে ফোন করে টাকার জন্য চকরিয়ার কোনাখালী এলাকায় যেতে বলেন। বেলা দুইটার দিকে তার মা টাকার জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। আজ মঙ্গলবার দুপুরে পুলিশের ফোন পেয়ে আরিফ জানতে পারে, তার মা আর বেঁচে নেই। রিদুয়ান সিকদারই তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।