বিধিনিষেধ উপেক্ষা, সখীপুরে পাগলার মেলা বন্ধ করল প্রশাসন
করোনা সংক্রমণের মধ্যে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মেলা চলায় টাঙ্গাইলের সখীপুরের ফাইলা পাগলার মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মেলাটি বন্ধ করে দেয়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলার দাড়িয়াপুর গ্রামে পাঁচ দিন ধরে ফাইলা পাগলার মেলা চলছিল। এটা ছিল ৭২তম মেলা।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সারা দেশে উন্মুক্ত স্থানে গণজমায়েত বন্ধ ঘোষণা করেছে। গত বুধবার ওই মেলা স্থলে গিয়ে মাইকিং করে উপজেলা প্রশাসন ফাইলা পাগলার মেলা বন্ধ ঘোষণা করে। এরপরও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার থেকে মেলা চলে আসছিল। ব্যাপক জনসমাগমও ঘটে মেলায়। বিধিনিষেধ উপেক্ষা করে মেলা চলার কারণে ইউএনও চিত্রা শিকারী মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ নিয়ে আধা ঘণ্টার মধ্যে মেলা বন্ধ করার নির্দেশ দেন।
উপস্থিত দর্শনার্থী ও দোকানদারদের উদ্দেশে ইউএনও চিত্রা শিকারী বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রায় এক সপ্তাহ মেলাটি চলছে। স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে এখন আর মেলাটি চলতে দেওয়া যাচ্ছে না। আধা ঘণ্টার মধ্যে দর্শনার্থীদের মেলার স্থল ত্যাগ করতে বলা হচ্ছে। দোকানদারদের মালামাল গুছিয়ে চলে যেতে বলেন। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে আপনাদের তাড়িয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, মেলা উদ্যাপন কমিটির সভাপতি শাইফুল শামীম, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আজ সকালে চিত্রা শিকারী প্রথম আলোকে বলেন, মেলাটি গতকাল রাতে বন্ধ করে দেওয়া হয়েছে।