বিধিনিষেধ শিথিলে সিলেটে ফিরেছে প্রাণচাঞ্চল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধিনিষেধ শিথিলের পর অনেকটাই চিরচেনা রূপে ফিরেছে সিলেট নগর। সড়কে যান ও মানুষ চলাচল বেড়েছে। আজ সকালে নগরীর সিটি পয়েন্ট এলাকায়
ছবি: আনিস মাহমুদ

দীর্ঘদিন পর বিধিনিষেধ শিথিল হওয়ায় সিলেট শহর ফিরেছে আগের রূপে। নগরের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি ছিল। সড়কে সবধরনের যানবাহন আর গণপরিবহনও চলাচল শুরু করেছে পুরোদমে। ফলে শহরের ভেতর কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সিলেট শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, লামাবাজার, মেন্দিবাগ, শিবগঞ্জ, দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় যানজট দেখা গেছে। বিভিন্ন শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মানুষের জটলা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় অনেকেই প্রয়োজনীয় কেনাকাটা করতে বেরিয়েছেন। তবে বেশির ভাগ মানুষের মধ্যেই স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। ভিড়ের মধ্যে অনেকের মুখে মাস্ক থাকলেও সেটি নির্দিষ্ট স্থান লাগিয়ে রাখতে দেখা যায়নি।

আলহামরা শপিং সিটির দোকানি সুব্রত রায় বলেন, ঈদের দিন থেকে এ পর্যন্ত দোকান বন্ধ ছিল। এতে মালামালে ময়লা জমে গেছে। তাই আজ সকাল সকাল এসে দোকানের মালামাল পরিষ্কার করে নতুন করে সাজিয়েছেন।

নগরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়ও দেখা গেছে যাত্রীদের ভিড়। এদিকে সকাল ১০টায় জেলা পরিবহনমালিক সমিতি ও পরিবহনশ্রমিকদের পক্ষ থেকে যাত্রীদের মাস্ক বিতরণ করা হয়েছে। এর আগে সকাল ৬টা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়।

দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় অনেকেই প্রয়োজনীয় কেনাকাটা করতে বেরিয়েছেন। তবে বেশির ভাগ মানুষের মধ্যেই স্বাস্থ্যবিধির মানার ব্যাপারে উদাসীনতা দেখা গেছে। সকালে বন্দরবাজার এলাকায়
ছবি: আনিস মাহমুদ

সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার কবির আহমদ বলেন, ‘সকাল থেকেই যাত্রীদের উপস্থিতি ভালোই। দীর্ঘদিন বিধিনিষেধ চলায় আমাদের খুব কষ্টে দিন পার করতে হয়েছে। এখন বিধিনিষেধ শিথিল হওয়ায় কিছুটা হলেও প্রাণ ফিরেছে।’

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর বলেন, সরকারিভাবে সড়কে অর্ধেক যানবাহন নামানোর নির্দেশনা রয়েছে। পরিবহন প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এমনিতেই বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে আজ যানবাহন কম বের হয়েছে বলে জানান তিনি।

সিলেট রেলস্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। স্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান জানান, যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে তাঁদের প্ল্যাটফর্মে প্রবেশ করানো হচ্ছে। নির্দিষ্ট আসনের বাইরে টিকিট দেওয়া হচ্ছে না। আসনসংখ্যার সমপরিমাণ টিকিটই দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিলেট স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে চারটি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে বলে জানান তিনি।