বিধিনিষেধ শিথিলের পর চট্টগ্রাম নগরের সড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো রূপ ফিরে পেয়েছে চট্টগ্রাম নগরের সড়ক।
ছবি: জুয়েল শীল

কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার প্রথম দিনে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। রাস্তায় মানুষের আনাগোনা বেড়েছে।

নগরের টাইগারপাস, আগ্রাবাদ, কদমতলী, অলংকার, নিউমার্কেটসহ বেশ কিছু এলাকায় আজ যানজট দেখা যায়।

নগরের বিভিন্ন সড়কে চলাচল করা গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে দেখা গেছে। তবে কোনো কোনো বাসে যাত্রী বেশি ছিল।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১ জুলাই কঠোর বিধিনিষেধ জারি করে। দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ গতকাল বুধবার মধ্যরাতে শেষ হয়।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কঠোর বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করেছে সরকার। ফলে সারা দেশে আজ অফিস-আদালত, দোকানপাট ও বিপণিবিতান খুলছে। সারা দেশে চলছে গণপরিবহন। ২৩ জুলাই সকাল ৬টা থেকে আবার ১৪ দিনের জন্য বিধিনিষেধ শুরু হবে।

সড়কে সৃষ্টি হয়েছে যানজট। চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকা।
ছবি: জুয়েল শীল

রাস্তায় মানুষ বেড়ে গেলেও আজ সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন বিপণিবিতানে গিয়ে তেমন ভিড় চোখে পড়েনি। অধিকাংশ ক্ষেত্রে মাস্ক ছাড়া ক্রেতাদের মার্কেটে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। তবে মার্কেটের ভেতরে কিছু লোকজনকে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাঁদের কারও মাস্ক ছিল হাতে, কারও থুতনিতে।

মিমি সুপারমার্কেটে নাহিদ হাসান নামের এক ব্যক্তি থুতনিতে মাস্ক ঝুলিয়ে ঘুরছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, নিশ্বাস নেওয়ার জন্য মাস্ক নামিয়েছেন।

নগরের সড়কে গণপরিবহন চালু হলেও রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

দুপুরে মুরাদপুর এলাকায় মোহাম্মদ আজম নামের এক চাকরিজীবী প্রথম আলোকে বলেন, মুরাদপুর থেকে আগ্রাবাদের দূরত্ব সর্বোচ্চ সাড়ে ছয় কিলোমিটার। সিএনজিচালিত অটোরিকশার ভাড়া সাধারণত ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। কিন্তু চালকেরা বাড়তি ভাড়া নিচ্ছেন। তিনি আগ্রাবাদ থেকে এসেছেন ১৮০ টাকা দিয়ে।