বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে কুমিল্লায় সড়কে-বাজারে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কে বিভিন্ন যানবাহন ও মানুষের ভিড় বেড়েছে। বুধবার কুমিল্লা নগরের লিবার্টি মোড় এলাকায়
ছবি: এম সাদেক

কঠোর বিধিনিষেধ শিথিল করার পর আজ বুধবার কুমিল্লা নগরের সব সড়ক, বিপণিবিতান, হাটবাজার ও দোকানে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। নগরের প্রতিটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এতে কোনো ধরনের সামাজিক দূরত্ব মানা হয়নি। তবে বেশির ভাগ মানুষের মুখে মাস্ক ছিল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলছেন, একসঙ্গে এত মানুষ সড়কে ও বিপণিবিতানে আসায় করোনার সংক্রমণ আরও ছড়াবে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

বুধবার সকাল সাড়ে ১০টায় সরেজমিন নগরের মনোহরপুর এলাকার সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক ম্যানশন বিপণিবিতান, কান্দিরপাড়, রাজগঞ্জ বাজারের বিপণিবিতান ও দোকানে দেখা যায়, শত শত মানুষ পোশাক কিনছে। প্রায় প্রতিটি দোকানেই ভিড়। মনোহরপুর এলাকার স্মার্ট ক্লথ স্টোরে কথা হয় নগরের কান্দিরপাড় এলাকার বাসিন্দা সোহাগ মিয়ার সঙ্গে (৪৩)। তিনি বলেন, ‘দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকার কারণে লুঙ্গি, গামছা ও প্যান্টের কাপড় কিনতে পারিনি। তাই দোকানে এলাম। এগুলো কিনতে এসে দেখি মানুষের ভিড়।’

সাত্তার খান কমপ্লেক্সের সামনে নিত্যপ্রয়োজনীয় রান্নার সামগ্রী কিনতে জড়ো হয়েছেন জনা সাতেক নারী। তাঁদের একজন নগরের শাকতলা এলাকার নাজমা বেগম (৩২)।

তিনি বলেন, ‘আবার কখন লকডাউন দেয়, তাই প্রয়োজনীয় সবকিছু কিনতে এলাম।’
সকাল ১০টার দিকে নগরের কান্দিরপাড় টাউন হলের সামনের সড়ক এবং রাজগঞ্জ, চকবাজার, টমছমব্রিজ ও শাসনগাছা এলাকার সড়কে ব্যাটারিচালিত, সিএনজিচালিত, প্যাডেলচালিত অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ শত শত পরিবহন দেখা যায়। টাউন হলের সামনে অটোরিকশাচালক আমির হোসেন বলেন, লকডাউনের কারণে কষ্টে ছিলেন। বহুদিন পর আজ রিকশা চালিয়ে ভালো টাকা পেয়েছেন।

বেলা ১১টায় কুমিল্লা নগরের শাসনগাছা বাস টার্মিনালে দেখা গেছে, ঢাকাগামী তিশা, এশিয়া লাইন পরিবহনের বাস সারি করে রাখা আছে। সেখানে একের পর এক যাত্রী তুলে আসন ভরা হচ্ছে। দুপুর ১২টায় নগরের আশ্রাফপুর বাস টার্মিনালেও শত শত গাড়ি চোখে পড়ে। এখানকার ঢাকাগামী রয়েল কোচ, চাঁদপুরগামী বোগদাদ, ফেনীগামী যমুনা, নোয়াখালী ও লক্ষ্মীপুরগামী উপকূল পরিবহনে বেশ যাত্রী দেখা যায়।

কুমিল্লা জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, আন্তজেলার বাসগুলোর অর্ধেকই চলাচল করছে। তবে যাত্রী কম ছিল। অন্য বাসগুলো চলাচলের জন্য উপযোগী করা হচ্ছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) কুমিল্লার সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকী বলেন, বাস অর্ধেক চলছে, না পুরোপুরি চলছে, এটা কোনোভাবেই মনিটরিং করা সম্ভব নয়। তবে বিআরটিএ মঙ্গলবার এ নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে সভা করেছে। এতে সিদ্ধান্ত হয়, বাস মালিক সমিতি ও বাস মালিক গ্রুপ কোন রুটে কয়টি বাস আছে ও চলে তার তালিকা দেবে। ওই তালিকা পাওয়ার পর দেখা যাবে কত বাস চলছে।

বিপণিবিতানে ছিল উপচে পড়া ভিড়। বুধবার কুমিল্লা নগরের মনোহরপুর সাত্তার খান কমপ্লেক্সের সামনে
ছবি: এম সাদেক কুমিল্লা

বিধিনিষেধ শিথিল করার পর সর্বত্রই মানুষের ভিড় দেখা গেছে বলে জানালেন জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসক মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। এরপর টিকা নিতে হবে। সামাজিক দূরত্ব মানতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমরা সরকারি প্রজ্ঞাপনের আলোকে ব্যবস্থা নিচ্ছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।’