বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে খুলনা মহানগরের মোড়ে মোড়ে যানজট

দীর্ঘদিন পর বিধিনিষেধ শিথিল হলে খুলনা নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে ছিলো উপচে পড়া যানজট। নগরীর শিববাড়ি মোড়ে, ১৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শিথিলের সঙ্গে সঙ্গে দীর্ঘ ২২ দিন পর আজ বৃহস্পতিবার খুলনা মহানগর ও জেলায় দোকানপাট-গণপরিবহন সবকিছু চালু হয়েছে। আর এতেই খুলনা নগরের সড়কে বেড়েছে যানবাহনের চাপ। মোড়ে মোড়ে ছিল যানজট। বাজারে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

খুলনা নগরে বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া সাধারণত যানজট হয় না। কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে দেখা গেছে, ইজিবাইক, রিকশা, থ্রি-হুইলারের চাপে বিভিন্ন মাড়ে মোড়ে যানজট লেগেই আছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন মানুষ। যানজট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। মিজানুর রহমান নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক বলেন, দীর্ঘদিন পর যানবাহন চলাচল শুরু হওয়ায় সব মানুষই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছেন। এ কারণে মোড়ে মোড়ে অতিরিক্ত যানজট তৈরি হচ্ছে।

নগরের কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। অধিকাংশের মুখে মাস্ক থাকলেও সেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। মানুষ হুমড়ি খেয়ে কেনাকাটা করছেন। শিশুদেরও কেনাকাটা করতে নিয়ে এসেছেন অভিভাবকেরা। করোনার কোনো ভয় মানুষের মধ্যে দেখা যায়নি।

নিউমার্কেটের প্রবেশের চারটি মুখেই সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে কাউকে হাত ধুতে দেখা যায়নি। মানুষ বিভিন্ন দোকান ঘুরে কেনাকাটা করছেন। অধিকাংশ দোকানির মুখের মাস্ক ছিল থুতনিতে আটকানো। কোনো কোনো দোকানে ক্রেতা ঢোকার সঙ্গে সঙ্গে বিক্রেতারা হাত স্যানিটাইজ করার জন্য জীবাণুনাশক স্প্রে দিচ্ছেন। তবে এই মার্কেটে আজ ক্রেতাদের ভিড় ছিল তুলনামূলক অনেক কম।

দীর্ঘদিন পর বিধিনিষেধ শিথিল হলে খুলনা নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে ছিলো উপচে পড়া যানজট। নগরীর শিববাড়ি মোড়ে, ১৫ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন

অন্যদিকে ডাকবাংলা এলাকার বিভিন্ন মার্কেটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। লোয়ার যশোর সড়কের সামনে ডাকবাংলা মোড় থেকে ক্লে সড়কের দিকে তাকালে দেখা যায় শুধু মানুষ আর মানুষ। ওই সড়কের বিভিন্ন মার্কেটে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও তা কাউকে ব্যবহার করতে দেখা যায়নি।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে খুলনা জেলায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হওয়া যাবে না। আর বের হলেও মুখে মাস্ক ও বারবার হাত ধোয়া বা স্যানিটাইজ করতে হবে। একমাত্র স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা পরিস্থিতি থেকে বাঁচা সম্ভব।

ভিড় নেই আন্তজেলা বাসে

দুপুর ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পরিবহনশ্রমিকদের হাঁকডাক। তবে যাত্রী খুবই কম। সেখানে ঘোরাফেরা করা অনেক শ্রমিকের মুখে মাস্ক ছিল না। এমন পরিস্থিতিতে দু-একজন যাত্রী আসার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা সমাদর করে ডেকে নিচ্ছেন। গন্তব্য জানানোর পর সংশ্লিষ্ট বাসের শ্রমিকেরা নিজেরা ব্যাগ নিয়ে গাড়িতে গিয়ে বসিয়ে দিচ্ছেন। কাউন্টার থেকে টিকিট কেটে আনার ব্যবস্থা করছেন।

দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটের মোংলার উদ্দেশে ছেড়ে যায় একটি বাস। তাতে যাত্রী ছিল মাত্র ছয়জন। অবশ্য জিরো পয়েন্ট এলাকা থেকে আরও কিছু যাত্রী ওঠার কথা ছিল তাতে। ওই কাউন্টারের মাস্টার জানান, প্রতি ২০ মিনিট পরপর গাড়ি ছাড়ছেন, কিন্তু যাত্রী তুলনামূলক অনেক কম। খুলনার করোনা পরিস্থিতি সম্পর্কে এখন মোটামুটি সবারই ধারণা আছে। তাই খুব বেশি প্রয়োজন না হলে কেউ বের হচ্ছেন না।

পাইকগাছা কাউন্টারে গিয়ে প্রায় একই পরিস্থিতি দেখা যায়। সেখানেও যাত্রী নেই। সোয়া ১২টার দিকে সেখান থেকে যে বাসটি ছেড়ে যায়, তাতে যাত্রী ছিল মাত্র ৪ জন। কাউন্টার মাস্টার মো. সৈয়দ আলী বলেন, যেভাবে মনে করা হচ্ছিল সেভাবে যাত্রীর চাপ নেই। তবে বাস চালিয়ে যে টাকা পাবেন, তা দিয়ে অন্তত শ্রমিকেরা কোনোরকম সংসার চালাতে পারবেন। ঈদের আগমুহূর্তে যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করছেন তিনি।

পাশেই ছিল কুষ্টিয়া গাড়ির কাউন্টার। সেখানেও দেখা গেছে অন্যান্য সময়ের তুলনায় কম যাত্রীর চাপ। প্রতি ১০ মিনিট পরপর গাড়ি ছেড়ে যাচ্ছে। সোয়া ১২টার দিকে যে গাড়িটি ছেড়ে যায়, তাতে যাত্রী ছিল ১২ জন। কুষ্টিয়া কাউন্টারের টিকিট মাস্টার সেলিম শেখ বলেন, সরকারের বিধি অনুযায়ী ৬০ শতাংশ ভাড়া বেশি নিয়ে প্রতি দুই সিটের বিপরীতে একজন করে যাত্রী বসানো হচ্ছে। যাত্রীর চাপ অনেক কম।