বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে দৌলতদিয়ায় পণ্যবাহী গাড়ির সারি
বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী গাড়ির সারি। সারা দেশে আজ বুধবার থেকে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত থাকলেও গতকাল মঙ্গলবার রাত থেকেই দূরপাল্লার পরিবহন চলতে শুরু করে। এসব বাস পার হওয়ার পাশাপাশি শিমুলিয়া-বাংলাবাজার রুটের অনেক পণ্যবাহী গাড়ি এই রুট দিয়ে পার হচ্ছে। ফলে, গাড়ির লম্বা সারি তৈরি হয়েছে। আজ সকালে মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে শুধু পণ্যবাহী গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল।
এদিকে দীর্ঘদিন পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ভরা বর্ষার কারণে অনেকে ঝুঁকি এড়াতে লঞ্চের পরিবর্তে ফেরিতে চলাচল করছেন। এ কারণে ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যায়।
আজ সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে শুধু পণ্যবাহী গাড়ি। এসব গাড়ি গতকাল মঙ্গলবার বিকেলে বা সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর এলাকায় আটকে ছিল। আটকে থাকা পণ্যবাহী গাড়িচালকদের অভিযোগ, আজ থেকে গণপরিবহন চালুর কথা থাকলেও গতকাল রাত থেকে চলতে শুরু করেছে। রাতভর ওই সব দূরপাল্লার পরিবহন পার হওয়ায় পণ্যবাহী গাড়ি কম পার হওয়ার সুযোগ পেয়েছে। এ কারণে পণ্যবাহী গাড়ি আটকে আছে।
যশোরের বেনাপোল থেকে গার্মেন্টসের খুচরা সামগ্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলেন কাভার্ড ভ্যানের চালক দ্বীন মোহাম্মদ। দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় আলাপকালে বলেন, ‘গতকাল বিকেলে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওনা করে সন্ধ্যায় গোয়ালন্দ মোড় আহ্লাদীপুরে আটকা পড়ি। এ সময় কর্তব্যরত পুলিশ আটকে দেয়। রাতে গাড়ির চাপ বেশি বাড়তে থাকায় রাতে না ছেড়ে আমাদের আজ ভোরে ছেড়ে দিয়েছে। ঘাটের কাছে এসেও তিন ঘণ্টার মতো আটকে আছি।’
ফেরিঘাটে দেখা যায়, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীদের ভিড় দেখা যায়। পাটুরিয়া ঘাট থেকে আসা ফেরিগুলোতেও যানবাহনের সঙ্গে যাত্রী ছিল। তবে খুব বেশি একটা চাপ দেখা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ছোট-বড় মিলে ১৬টির মধ্যে বর্তমানে চলাচল করছে ৬টি রো রো, ৬টি ইউটিলিটি, ২টি কে-টাইপসহ মোট ১৪টি ফেরি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের দুটি রো রো ফেরি যান্ত্রিক ত্রুটিতে দুদিন ধরে ভাসমান কারখানায় আছে। গণপরিবহন চালু হওয়ায় ঘাটে গাড়ির চাপ পড়েছে। এ ছাড়া বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে গতকাল রাত থেকে পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ করায় ওই রুটের অধিকাংশ গাড়ি এই রুট দিয়ে আসছে। গাড়ির চাপ সামাল দিতে ওই রুটের চারটি রো রো (বড়) ফেরি দৌলতদিয়া-পাটুরিয়ায় দেওয়ার অনুরোধ জানানো হলে কর্তৃপক্ষ চারটি বড় ফেরি পাঠাচ্ছে।