বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে পাটুরিয়ায় ভিড়

মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। আজ বৃহস্পতিবার সকালে পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকায়ছবি: আব্দুল মোমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ও লঞ্চঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই পাটুরিয়া ঘাটে ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল উভয়মুখী যাত্রীদের আসা-যাওয়ার ভিড়। করোনার ঝুঁকির মধ্যেই কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাচ্ছেন যাত্রীরা।

ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যাত্রীদের অনীহা আছে। তাঁরা নিজ থেকে সচেতন না হলে স্বাস্থ্যবিধি রক্ষা করা অসম্ভব।

আজ সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত জেলা ট্রাফিক পরিদর্শক মো. জামিউল হক বলেন, লকডাউন শিথিল হওয়ায় আজ সকাল থেকেই ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। পাটুরিয়া প্রান্তে অর্ধশত যাত্রীবাহী বাস ও অর্ধশত ব্যক্তিগত গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এ ছাড়া পার্কিং ইয়ার্ডে দুই শতাধিক পণ্যবাহী গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

সরেজমিনে আজ সকালে দেখা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন যাত্রীবাহী বাস পাটুরিয়া প্রান্তে আসার পর ফেরির টিকিটের জন্য অপেক্ষায় আছে। এক থেকে দুই ঘণ্টা অপেক্ষার পর এসব যাত্রীবাহী বাস ফেরিতে উঠছে। এ ছাড়া ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে লোকাল বাসে করে ঈদে ঘরমুখো অনেক যাত্রী পাটুরিয়া ঘাটে আসছেন। তাঁরা কিছুটা পথ পায়ে হেঁটে লঞ্চঘাটে এসে লঞ্চে পদ্মা পাড়ি দিয়ে দৌলতদিয়া প্রান্তে যাচ্ছেন। লঞ্চেও অনেক যাত্রী নদী পার হচ্ছেন।

এ ছাড়া ঢাকাগামী যাত্রীদেরও পাটুরিয়ায় আসতে দেখা গেছে। তাঁরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সব মিলিয়ে আজ সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় উভয় দিকের যাত্রী যাতায়াত করতে দেখা যায়।

ফরিদপুরের বোয়ালমারীগামী যাত্রী জাহিদুল হক বলেন, ‘সময় যত যাবে, ভিড় তত বাড়বে। তাই এক দিন আগেই গ্রামে ফিরছি।’

লকডাউন শিথিল হওয়ায় শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খুলেছে। অনেককে ঢাকায় কর্মস্থলেও ফিরতে দেখা যায়। মাগুরা সদরের সোহরাব হোসেন ঢাকার নিউমার্কেটে জামাকাপড়ের ব্যবসা করেন। সকাল ১০টার দিকে পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকায় কথা হলে তিনি বলেন, ‘লকডাউনের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই লকডাউনের মধ্যেই গ্রামের বাড়ি গিয়েছিলাম। লকডাউন শিথিল হয়েছে দোকানপাট খুলেছে। আবার কর্মস্থলে ফিরে যাচ্ছি।’

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মার প্রবল স্রোত মোকাবিলা করে বহরের ১৫ ফেরির সব কটিই চলাচল করছে। পারাপার নির্বিঘ্ন করতে ফেরি বাড়ানো হতে পারে।