বিধিনিষেধের মধ্যেও ঘাটে আসছেন যাত্রীরা, পার হচ্ছেন ফেরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যেও ঢাকামুখী হচ্ছেন যাত্রীরা। গত কয়েক দিনের মতো আজ বুধবারও ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে। লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভিড় ঠেলে পার হচ্ছেন ফেরিতে।

এদিকে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে পদ্মায় তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আসতে প্রতিটি ফেরির নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। একই সঙ্গে ফেরিগুলোয় নেওয়া হচ্ছে অর্ধেক লোড। ফলে ফেরি পারাপারে যাত্রী ও যানবাহনের চালকদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, গত রোববার থেকে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী কল-কারখানা খোলার ঘোষণায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ভিড় বাড়ে বাংলাবাজার ফেরিঘাটে। বেশির ভাগ যাত্রী ফেরিতে পার হন। তবে গত তিন দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা কমেছে। প্রতিটি ফেরিতে যাত্রীর সঙ্গে সীমিতসংখ্যক যানবাহন লোড দেওয়া হচ্ছে। তবে পদ্মায় তীব্র স্রোত থাকার কারণে নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে সীমিত করা হয়েছে ফেরি চলাচল। এই নৌপথে ১৮টি ফেরি চালু থাকলেও তীব্র স্রোতের কারণে ৬টি ডাম্প ফেরিসহ ৮টি ফেরিঘাটের বিভিন্ন অংশে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকামুখী যাত্রীর চাপ গত কয়েক দিনের তুলনায় আজ কম। তবে একদম কম, তা নয়। যাত্রীরা আসছেন। ফেরিতে পার হয়ে যাচ্ছেন। কোনো দুর্ভোগে তাঁদের পড়তে হচ্ছে না।’

স্থানীয় সূত্র জানায়, আজ সকাল থেকে বাংলাবাজার ঘাটে ছোট-বড় মিলিয়ে চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। আটকা পড়া এই যানবাহনের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক পণ্যবাহী ট্রাক আছে।

ঘাটে আটকা পণ্যবাহী ট্রাকের চালক কবির হোসেন বলেন, ‘ঘাটে ফেরিতে যাত্রী আর ছোট গাড়ি লোড নেয়। ট্রাক কখনো তোলে, কখনো তোলে না। প্রতিটি রানিং ফেরিতে আমাদের তিনটি করে ট্রাক লোড নিলে আমাদের দুর্ভোগে পড়তে হয় না।’

বরিশাল থেকে আসা ঢাকামুখী যাত্রী ইফতেখার মাহামুদ বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। সড়ক পথে ছোট গাড়ি আসতে পুলিশের বাধার মুখে না পড়লেও কয়েক গুণ টাকা ভাড়া চলে গেছে। ঘাটে এসে কিছুক্ষণ অপেক্ষায় থাকার পরেই ফেরিতে উঠতে পারছি।’

বাংলাবাজার ঘাটের দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘লঞ্চ না চলায় যাত্রীদের চাপ কিছুটা বাড়তি ফেরিতে। তবে উপচে পড়া ভিড় নেই। যাত্রী ও জরুরি প্রয়োজনে আসা যানবাহনগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে উঠিয়ে দিচ্ছি। তাই কিছু পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা পড়ছে।’