বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরির শাস্তি রোদে বসে থাকা!

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরার দায়ে বগুড়ায় দেড় শতাধিক মানুষকে রোদে বসিয়ে রেখে শাস্তি দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এমন অভিযান চালানো হয়।
সেনা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেদের নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিজ্জামান।
বিনা প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে হেঁটে বা মোটরসাইকেলে সাতমাথা এলাকায় পুলিশের শাস্তির মুখে পড়েন লোকজন। তাঁদের সাতমাথা এলাকার বীরশ্রেষ্ঠ স্কয়ারের পাদদেশে আধা ঘণ্টা করে বসিয়ে রেখে ব্যতিক্রমী শাস্তি দেওয়া হয়। পরে শাস্তি পাওয়া ব্যক্তিদের বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার কথা জানিয়ে ঘরে ফেরত পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়ে নানা প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু এতে কেউ কর্ণপাত করছেন না। বিনা প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে এসে রাস্তাঘাটে ভিড় করছেন লোকজন। কোনোভাবেই তাঁদের ঘরে রাখা যাচ্ছে না। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসা লোকজনকে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় রোদে বসিয়ে রাখা হয়। ভবিষ্যতে খুব জরুরি প্রয়োজন না হলে বাসার বাইরে আসবেন না মর্মে অঙ্গীকার করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সদর থানার ওসি এস এম বদিজ্জামান বলেন, সদর থানা, সদর ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ মিলে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া ব্যক্তি ছাড়াও নিষেধাজ্ঞা লঙ্ঘন করে রাস্তায় বেরিয়ে পড়া মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে রাস্তায় মোটরসাইকেল নিয়ে বের হওয়া ১৪০ চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেওয়ার পাশাপাশি রোদে বসিয়ে রাখা হয়।