বিনা ভোটের চেয়ারম্যানের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের দিনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আলী হোসেন ওরফে অপুর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন। গতকাল রোববার ভোটের দিন সড়ক অবরোধ এবং পরের দিন আজ সোমবার বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়নবাসী। তাঁরা অবিলম্বে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান আলী হোসেনের পদত্যাগ, গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, আলী হোসেন নিজে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও সদস্যপদে ভাতিজার পরাজয় মানতে না পেরে লোকজনকে পেটাতে শুরু করেছেন। নৌকার প্রার্থী হয়ে নিজে নির্বাচিত হওয়ার পর রোববার সন্ধ্যায় স্থানীয় যুবলীগের নেতা তুহিন রেজাকে মারপিট করেছেন। তাঁরা এই নির্যাতনের বিচার দাবি করেছেন।

রায়গ্রাম ইউনিয়নের বাসিন্দা কবির হোসেন বলেন, তাঁদের ইউনিয়নে তৃতীয় ধাপে রোববার ভোট গ্রহণ করা হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান আলী হোসেন। তাঁর ভয়ে অন্যরা প্রার্থী না হওয়ায় তিনি বিনা ভোটে নির্বাচিত হন। তবে তাঁর ভাতিজা নজরুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে সদস্যপদে ভোট করেন। ভোটে তিনি পরাজিত হন, জয়লাভ করেন ফুটবল প্রতীকের ইসমাইল হোসেন। রোববার সন্ধ্যায় ফল প্রকাশের পর চেয়ারম্যান আলী হোসেন ক্ষিপ্ত হয়ে ফুটবল প্রতীকের কর্মীদের খোঁজাখুঁজি করতে থাকেন।

ইউনিয়ন যুবলীগের সহসভাপতি তুহিন রেজা বলেন, তিনি ফুটবল প্রতীকের কর্মী ছিলেন। এই নির্বাচনে তাঁরা জয়লাভ করার পর দুলালমুন্দিয়া বাজারে আনন্দ প্রকাশ করা হয়। এরপর অন্যরা চলে গেলেও তিনি বাজারের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি যখন চা খাচ্ছিলেন, তখন আলী হোসেন ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা করেন। তাঁরা তাঁকে মারপিট করে পালিয়ে যান। যাওয়ার সময় ৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কবির হোসেন বলেন, ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকার লোকজন সড়ক অবরোধ করেন। প্রায় আধঘণ্টা অবরোধ চলার পর কালীগঞ্জ পৌরসভার মেয়র ঘটনাস্থলে এসে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করান। তাঁরা সোমবার বিকেলে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন। দুলালমুন্দিয়া বাজারের পাশে গাজেম আলী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন।

সমাবেশে বক্তৃতা করেন মাসুদুর রহমান, জহুরুল ইসলাম, জাকির হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ। তাঁরা অবিলম্বে চেয়ারম্যান আলী হোসেনের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা।

এ বিষয়ে চেয়ারম্যান আলী হোসেন বলেন, তিনি তুহিন রেজাকে মারধর করেননি। কয়েকজন ছেলে তাঁকে মারধর করছিলেন, তখন তিনি ঠেকিয়েছেন। তিনি বলেন, একটি মহল তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে।