বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোন পেলেই বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংক
ছবি: প্রথম আলো

করোনায় আক্রান্ত অসহায় মানুষকে বিনা মূল্যে অক্সিজেন সেবা দিতে এগিয়ে এসেছে পটুয়াখালী প্রেসক্লাব। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংকের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী বলেন, সংবাদকর্মীরা সংবাদ পরিবেশনের পাশাপাশি করোনার সময় মানুষকে সেবা দেওয়ার জন্য এ কার্যক্রম হাতে নিয়েছেন। করোনায় আক্রান্ত কিংবা করোনার উপসর্গে শ্বাসকষ্ট দেখা দিয়েছে, এমন কারও অক্সিজেনের প্রয়োজন হলেই বিনা মূল্যে তাঁর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে। করোনাকালীন মানুষের পাশে দাঁড়ানোরা জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেমাতুজজোহরা বৃষ্টি। এ সময় সেখানে প্রেসক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

দিনের যেকোনো সময় নির্দিষ্ট হটলাইন নম্বরে (০১৭৯৪৭৪৬৯৪৪, ০১৭১২৯৮০৯২৫, ০১৭১৬ ০৫২৫৭৮) যোগাযোগ করলেই অক্সিজেন সেবা পাওয়া যাবে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ জানান, শুরুতে ১০টি সিলিন্ডার দিয়ে এ অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। তবে অনুদান হিসেবে শিগগির আরও বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার পাওয়ার কথা আছে।