বিনা মূল্যে খাবার–চিকিৎসা, অক্সিজেনও দেন অনেকে

গ্রামের মানুষকে বাঁচাতে অক্সিজেন ব্যাংক খুলে বিনা মূল্যে অক্সিজেন, অ্যাম্বুলেন্স, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছেন অনেকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত আটটা বাজলেই যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনের বারান্দাটা ভরে ওঠে সারি সারি খাবারের প্যাকেটে। হাসপাতালে রোগীর সঙ্গে আসা স্বজনদের মধ্যে যাঁদের প্রয়োজন, তাঁরা তুলে নেন খাবারের প্যাকেট। যশোরের এসএসসি-৯১ ব্যাচের উদ্যোগে ‘এক বেলার খাবার’ শিরোনামে সম্প্রতি এই সেবা কার্যক্রম শুরু হয়েছে।

ওই ব্যাচের সুজন দত্ত বললেন, ‘যশোরে টানা এক মাস কঠোর বিধিনিষেধ চলছে। হোটেল-রেস্তোরাঁ বন্ধ। মানুষের পকেটে টাকা থাকলেও খাবার পাওয়া যাচ্ছে না। রোগীরা হাসপাতালের সরকারি খাবার পেলেও দর্শনার্থীরা রাতে প্রায় না খেয়েই কাটান। এমন পরিস্থিতিতে আমরা বিনা মূল্যে রাতের খাবার বিতরণের পরিকল্পনা নিই। ১ জুলাই থেকে ডিম–খিচুড়ি রান্না করে জরুরি বিভাগের সামনে নিয়ে সাজিয়ে রাখছি।’

শুধু এক বেলার খাবার নয়, যশোরে করোনাকালে মানবসেবায় হাত বাড়িয়ে দিয়েছেন অনেক ব্যক্তি ও সংগঠন। গ্রামের মানুষকে বাঁচাতে অক্সিজেন ব্যাংক খুলে বিনা মূল্যে অক্সিজেন, অ্যাম্বুলেন্স, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছেন তাঁরা। শুকনা খাবার, মাস্ক ও জনসচেতনতায় স্বাস্থ্যবিধি–সংক্রান্ত প্রচারপত্রও বিতরণ করছেন কেউ কেউ।

১১ গ্রাম রক্ষায় কমিটি

যশোর ও নড়াইল জেলার সীমান্তবর্তী ১১টি গ্রাম রয়েছে। এসব গ্রামের বেশির ভাগ মানুষ শিক্ষিত। গ্রামগুলোতে ৩০ জনের বেশি চিকিৎসক ও প্রকৌশলী রয়েছেন। তাঁদের উদ্যোগে ১১ গ্রামের মানুষকে করোনা থেকে রক্ষায় বিশেষ ভূমিকা নেওয়া হচ্ছে। ‘এগারখান করোনা প্রতিরোধ কমিটি’ শিরোনামে একটি কমিটি গঠন করে ১ জুলাই থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে থাকা মানুষদের মধ্যে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ, অক্সিজেন ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

এই কমিটির অধীনে ১০ জন চিকিৎসকের একটি মেডিকেল দল, ৩০ জন স্বেচ্ছাসেবক ও ১৫ জনের উপদেষ্টা পরিষদ রয়েছে। ১১টি গ্রামকে তিনটি এলাকায় ভাগ করে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত রোগী শনাক্ত করে তালিকা প্রস্তুত করেন স্বেচ্ছাসেবকেরা। সেই তালিকা ধরে মেডিকেল দল ব্যবস্থাপত্র লেখে। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী স্বেচ্ছাসেবকেরা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ পৌঁছে দেন।

তিন সংগঠনের ‘অক্সিজেন ব্যাংক’

যশোর জেনারেল হাসপাতালের করোনা রেড ও ইয়েলো জোনে কোনো শয্যা খালি নেই। মেঝেতেও বিছানা ফেলে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে যশোর শহরের তিনটি সংগঠনের উদ্যোগে তিনটি আলাদা অক্সিজেন ব্যাংক খুলে করোনা রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

সংগঠন তিনটি হলো নাট্য সংগঠন ‘বিবর্তন যশোর’, মৈত্রী মানবিক সহায়তা কমিটির পরিচালনায় ‘মৈত্রী ভলান্টিয়ার্স’ ও নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে ‘আরএন (রবীন্দ্রনাথ ঠাকুর) রোড অক্সিজেন ব্যাংক’। জুন মাসের শেষ সপ্তাহ থেকে তিনটি অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়। দুই সপ্তাহে অন্তত ৬০ জন করোনায় আক্রান্ত রোগীকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়েছে।

যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা রাফসান জনি বলেন, ‘আমার বাবাসহ পরিবারের সবাই জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলাম। বাবা বয়স্ক মানুষ। তাঁর অক্সিজেন ক্রমেই নিচের দিকে নামছিল। এদিকে হাসপাতালে শয্যা খালি নেই। আমরা ভয় পেয়ে যাই। তখন মৈত্রী ভলান্টিয়ার্স অক্সিজেন ব্যাংক থেকে একটি অক্সিজেন সিলিন্ডার এনে বাড়িতে রাখি। এতে আমাদের সাহস অনেক বেড়ে যায়।’

‘পড়শি’ আছে মানুষের পাশে

যশোরের ঝিকরগাছা উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম আমিনী। এই গ্রামে ১৫০টি পরিবারের বসবাস। অন্তত ৪০টি পরিবারের কেউ না কেউ জ্বর-কাশিতে আক্রান্ত। গত শুক্রবারও এই গ্রামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি অক্সিজেনের অভাবে মারা গেছেন। এই গ্রামের মানুষকে রক্ষায় এগিয়ে এসেছে তরুণদের গড়ে তোলা সামাজিক সংগঠন ‘পড়শি’। গ্রামের অনেকে সরকারি চাকরির সুবাদে ঢাকাসহ বিভিন্ন এলাকায় থাকেন। বিদেশেও থাকেন কেউ কেউ। মূলত তাদের উদ্যোগেই গ্রামের উন্নয়নে ২০১০ সালে ‘পড়শি’ নামে সংগঠনটি গড়ে ওঠে। সংগঠনটি করোনাকালে মানুষের পাশে দাঁড়ায়।

সংগঠনের ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল রয়েছে। তারা পিপিই পরে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফলমূল এবং ওষুধ পৌঁছে দিচ্ছে। গত ১৫ দিনে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত অন্তত ৩০টি পরিবারে ভিটামিন সি যুক্ত ফলমূল ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছে তারা।

জানতে চাইলে ‘পড়শি’ সংগঠনের সদস্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, ‘আমাদের সংগঠনে ১০০ জনের মতো সদস্য। প্রতি মাসে আমরা নিজেদের অনুদানের টাকা দিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করি।’