ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের জন্য ছিটমহলের লোকেরা অধীর অপেক্ষায় আছেন। তাঁদের আগ্রহের মূল বিষয়—ছিটমহল বিনিময়ের প্যাকেজটা কী হবে? তবে প্যাকেজ যাই হোক, তার আগেই ছিটের নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব-দলাদলি প্রবল হয়ে উঠেছে।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ভারতীয় বাঁশকাটা ছিটমহলের শাহ আবদুল হামিদ আফতাবী গত বুধবার প্রথম আলোকে বলছিলেন, ‘এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। এর মধ্যেই কিছু স্বার্থান্বেষী মহল যেভাবে তৎপর হয়ে উঠেছে, তা উদ্বেগজনক। অর্থহীন দলাদলিতে মেতে উঠেছে তারা। আমরা আসলে অপেক্ষা করছি দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের যে প্যাকেজটি ঘোষণা হবে, তার জন্য।’
কুড়িগ্রাম ও পাটগ্রামের ছিটমহলগুলোর লোকের নাগরিকত্ব, অবকাঠামো, আইনগত কিছু বিষয়ে অভিন্ন সমস্যা থাকলেও সামাজিক জীবনযাত্রার ক্ষেত্রে পার্থক্য অনেক। কুড়িগ্রামের ছিটবাসীরা যেমন এক রকমের বিচ্ছিন্নতার ভেতরে থাকেন, পাটগ্রামের পরিবেশ তেমন নয়।
লালমনিরহাট জেলায় ছিটমহলের সংখ্যা ৬৮টি। এর মধ্যে পাটগ্রামেই আছে ৫৫টি। ছিটগুলো মাঝারি ও ছোট, পুরো উপজেলায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। এগুলোর অধিকাংশই ভারতীয় সীমান্ত থেকে দূরে, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ঘেরা। কোনো কোনো ছিটের ভেতর দিয়ে বাংলাদেশের রেল, মহাসড়ক ও বিদ্যুৎ লাইন চলে গেছে। ফলে এরা বাংলাদেশের সঙ্গে প্রায় মিশেই আছে।
এখনে সবচেয়ে বড় ছিট বাঁশকাটা। পাটগ্রামের জোংড়া ইউনিয়নে এক বা আধা কিলোমিটার দূরে দূরে (১১২ নম্বর থেকে ১৩২ পর্যন্ত) ২১টি ছিটের গুচ্ছ নিয়ে এই বাঁশকাটা। এখানেই কয়েকটি ছিটের ওপর দিয়ে লালমনিরহাট-বুড়িমারী তিন কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক, পাটগ্রাম-সরকারহাট দেড় কিলোমিটার আঞ্চলিক সড়ক ও ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইন চলে গেছে।
তা ছাড়া পাটগ্রামের প্রায় প্রতিটি ছিটেই মূল ভূখণ্ডের লোকের জমি আছে। এমনকি ছোট ছোট কিছু ছিটের সম্পূর্ণ জমিই বাংলাদেশিদের। ছিটের লোকেরাই এসব জমিতে বর্গাচাষ করেন। ফলে ছিটে চাষাবাদের জন্য বাইরের লোকেরা নিজ গরজেই ছিটে সার-বীজ-কীটনাশক লেনদেনের ব্যবস্থা করেন। অবস্থাপন্নরা ছিটের বাইরে জমিজমা কিনে ঘরবাড়িও করেছেন। সেটি স্থায়ী ঠিকানা উল্লেখ করে চাকরিবাকরি করছেন। ছেলেমেয়ের বিয়েশাদি হচ্ছে ছিটের বাইরে। এভাবেই এখানে ছিটবাসীরা বাইরের জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিলেমিশে গেছেন। তাঁদের সামাজিকভাবে হেয় হতে হয় না।
কয়েকটি ছিটমহল ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছিটমহল হস্তান্তরের আভাস পাওয়া মাত্রই ছিটবাসীদের নিজেদের মধ্যে নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে দলাদলি। ছিটবাসীর প্রধান দুটি সংগঠনের একটি ছিটমহল ইউনাইটেড কাউন্সিলের প্রধান কার্যালয় পাটগ্রামের বড় খেঙ্গির-এ। এটিই ছিটবাসীর প্রথম সংগঠন। যাত্রা ২০০৫ সালে। সেই থেকে সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন গোলাম মতিন মিয়া। পেশা হোমিওপ্যাথি চিকিৎসা ও কৃষি। বাড়ির সামনেই একটি ঘরে কার্যালয়। বুধবার সেখানেই কথা হলো তাঁর সঙ্গে। তিনি জানালেন, ছিটবাসীর মানবাধিকার নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। এখন পরিস্থিতি ভিন্ন। ছিটগুলো হস্তান্তর হবে। হস্তান্তরের পর ভূমি জরিপ কাউন্সিলের কার্যক্রমে ইউনাইটেড কাউন্সিলের নেতাদের রাখতে হবে—এটাই এখন প্রধান দাবি। এ নিয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দুই দফা বৈঠকও হয়েছে।
নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে ২০১০ সালে কাউন্সিল থেকে একটি অংশ বের হয়ে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি করেছে বলে জানালেন মতিন মিয়া। সমন্বয় কমিটির প্রধান কার্যালয় কুড়িগ্রামের দাশিয়ার ছড়া ছিটে। গত বছর ডিসেম্বরে তাঁরা কোচবিহারের কালুঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দেওয়ার জন্য কুড়িগ্রামের ছিট দাশিয়ার ছড়ায় গিয়েছিলেন। তবে জনসভায় যোগ দিতে পারেননি ভারতে যাওয়ার অনুমতি না পেয়ে। এই কমিটির সভাপতি বাংলাদেশের নাগরিক ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মঈনুল হক। ফেরার সময় সমন্বয় কমিটির নেতারা শত্রুতা করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ তুলে প্রভাব খাটিয়ে মতিন মিয়া, মকসুল হক ও সেলিম হোসেনকে পুলিশে ধরিয়ে দেন। তিন দিন হাজত খেটে তাঁরা মুক্ত হন।
এদিকে পাটগ্রামের বিনিময় সমন্বয় কমিটিতেও দ্বন্দ্ব শুরু হয়েছে। এত দিন এখানে সমন্বয়ের নেতৃত্ব দিয়েছেন আবদুল হামিদ আফতাবী ও ছিট ভোটবাড়ির মোজাহারুল ইসলাম। কোনো জানান না দিয়েই গত মাসে কেন্দ্রীয় কমিটি থেকে হাফিজুর রহমানকে সভাপতি করা হয়েছে। এতে আগের নেতারা ক্ষিপ্ত। আফতাবী বললেন, ‘কারা কী করছে কিছুই জানি না।’ মোজাহারুল প্রথম আলোকে বলেন, ‘এত দিন আন্দোলন করি হামার প্রায় দেড়-দুই লাখ টাকা খরচ হইছে। এখন দেখি নতুন নতুন লোক উড়ি আইসে জুড়ি বসপার লাগছি।’ তিনি বলেন, এখন যখন আন্দোলন সফল হতে যাচ্ছে, তখন তাঁকে বাদ দেওয়া হয়েছে। এটা তাঁরা মানবেন না।
এসব অভিযোগ সম্পর্কে সমন্বয় কমিটির কেন্দ্রীয় সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ইউনাইটেড কাউন্সিল ছিটমহল বিনিময় নয়, করিডোরের জন্য আন্দোলন করছিল। এখন তারা জনবিচ্ছিন্ন হয়ে সমন্বয় কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। কাউন্সিলের নেতারা গোয়েন্দা নজরদারিতে ছিলেন। গত বছর তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলে দুরভিসন্ধিমূলক সন্দেহে তাঁদের পুলিশ গ্রেপ্তার করে। এর সঙ্গে সমন্বয় কমিটির কোনো সম্পর্ক নেই।
পাটগ্রামের নতুন কমিটি সম্পর্কে গোলাম মোস্তফা বলেন, আবদুল হামিদ আফতাবী বয়সের কারণে আগের মতো সক্রিয় ভূমিকা রাখতে পারছেন না বলে তরুণ নেতৃত্ব আনা হয়েছে। তবে আফতাবীকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। মোজাহারুল গোপনে গোপনে ইউনাইটেড কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে পাটগ্রামের ছিটবাসীরা ছিট হস্তান্তরের পর ভারতে যেতে আগ্রহী নন। ভারতের সঙ্গে এখানকার ছিটবাসীদের যাতায়াত-যোগাযোগও তেমন নেই। ‘এমনকি যদি জমি যায়, যাওক তাও ভারতে যামো না’—বললেন রতনপুর ছিটের সফিকুল ইসলাম। এখানকার সব ছিটের অধিবাসীদেরই একই রকম মনোভাব।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম বলেন, ছিটমহল হস্তান্তর হলে উন্নয়নের জন্য একটি বড় কর্মযজ্ঞ শুরু হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের নির্দেশে তাঁরা ছিটমহলের বিভিন্ন বিভাগের যে কাজগুলো করা হবে সে সম্পর্কে প্রাথমিক জরিপ করেছেন। উন্নয়নের জন্য ৪৬ কোটি টাকার বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।
ছিটবাসীর দুই পক্ষের নেতৃত্বের দ্বন্দ্ব সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি একটি পক্ষ মাঠপর্যায়ে সাংগঠনিক কাজ করেছে। ওপরের মহলে তাদের যোগাযোগ কম। অন্য পক্ষ মাঠপর্যায়ে তেমন কাজ করেনি, তবে ওপরের দিকে তাদের যোগাযোগ ভালো। তবে আমরা দুই পক্ষকেই সমান গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে দুই পক্ষের নেতাদের নিয়ে দুই দফা মিটিং করে ছিটে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বলেছি। ছিটে মাঠপর্যায়ে যেসব সরকারি কর্মকর্তা কাজ করবেন, তাঁদেরও নির্দেশ দেওয়া হয়েছে একতরফা কোনো পক্ষের বক্তব্য গ্রহণ করে সিদ্ধান্ত না নিতে। পুলিশ, বিজিবিসহ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। সবাই সতর্ক রয়েছেন যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।’