বগুড়ার শেরপুরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা তাঁদের প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিপণিবিতান রাবেয়া কমপ্লেক্সের ব্যবসায়ীরা এই প্রতিবাদ জানান।
গত শুক্রবার দিবাগত রাতে এই কমপ্লেক্সে ‘শাহী মোবাইল পয়েন্ট’ নামের দোকানের শাটার ও কলাপসিবল গেটের তালা কেটে দুর্বৃত্তরা চুরি করে।
শাহী মোবাইল পয়েন্টের মালিক আবদুল হাকিম বলেন, শুক্রবার দুপুরে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকাল ১০টায় দোকানে এসে দেখতে পান শাটার ও কলাপসিবল গেটের তালা ভাঙা।
আবদুল হাকিম বলেন, তাঁর এই ব্যবসাপ্রতিষ্ঠানে একটি হজ¦এজেন্সির শেরপুর প্রতিনিধি হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করেন। দুর্বৃত্তরা ওই রাতে তাঁর প্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে ৩ লাখ ৪১ হাজার টাকা, ২ লাখ ২৫ হাজার টাকার সমপরিমাণের ১০ হাজার সৌদি রিয়ালসহ ১০৬টি মুঠোফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
ওই বিপণিবিতানের তিন ব্যবসায়ী বলেন, এখান থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ি। রাতে শহরে পুলিশের টহল থাকে। তবুও এভাবে চুরির ঘটনা ব্যবসায়ীদের আতঙ্কিত করে তুলেছে।
টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান গতকাল বিকেলে বলেন, শুক্রবার রাতে ওই মার্কেটসহ পুরো শহরে টহল পুলিশের ডিউটি ছিল। সবাই ভোররাত পর্যন্ত দায়িত্ব পালন করেছে। শনিবার ১০টার পর তিনি এই চুরির ঘটনা জানতে পারেন।
রাবেয়া কমপ্লেক্সের ব্যবসাপ্রতিষ্ঠান সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, এই চুরির সঙ্গে যারা জড়িতম তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাঁরা গতকাল চার ঘণ্টা সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ করেছেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, গতকাল বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ওই প্রতিষ্ঠানের কর্মচারী ও বিপণিবিতানের নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত তার অনুসন্ধান চলছে।