বিপণিবিতানে ঈদের বাজার করতে আসা ক্রেতাদের পণ্য বিক্রির রসিদ দিতে দোকান মালিকদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের ভ্রাম্যমাণ আদালত। ক্রেতাদের জন্য বিপণিবিতানে অভিযোগ বাক্স বসানোরও নির্দেশ দেওয়া হয়। গতকাল সোমবার সকালে নগরের অভিজাত বিপণিবিতান মিমি সুপার মার্কেট ও সানমার ওশান সিটিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই নির্দেশ দেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও শান্তা রহমান এ অভিযান পরিচালনা করেন।
গতকাল অভিযানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিপণিবিতান দুটির কয়েকটি দোকানে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। অভিযানে তাঁরা দেখতে পান ক্রেতাদের পণ্য বিক্রির রসিদ দেওয়া হচ্ছে না। তবে বড় কোনো অনিয়ম তাঁরা পাননি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের তুলনায় ব্যবসায়ীরা এবার একটু সচেতন হয়েছেন। মিমি সুপার ও সানমার ওশান সিটিতে ক্রেতাদের পণ্য বিক্রির রসিদ দেওয়া হচ্ছে না। প্রত্যেক দোকানিকে ক্রেতাদের রসিদ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিপণিবিতানে অভিযোগ বাক্স বসানোরও তাগাদা দেওয়া হয়েছে।
এ ছাড়া গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রিয়াজউদ্দিন ও ঝাউতলা বাজারে ১২টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত। রিয়াজউদ্দিন বাজারে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপমা দাশ ও শিরিন আক্তার। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এই আদালত মক্কা ব্রাদার্স ও খাজা ট্রেডার্স নামের দুটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। মূল্য তালিকা না টানানোয় একটি মুদি দোকানকে ৫০০ টাকা, পাটের বস্তা ব্যবহার না করার জন্য দুটি দোকানকে দেড় হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে আরও তিন দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল নগরের ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার ও মাহফুজা আক্তার চারটি মুদি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এই দোকানগুলোকে মূল্য তালিকা না রাখার জন্য জরিমানা করা হয় বলে জানান আবদুস সামাদ শিকদার।