বিপদে সহায় ‘আত্মীয়’
রক্তের প্রয়োজনে একটি ফোন নম্বরে কল করলেই রক্তদাতা হাজির হয়ে যান। সময়টা দিন হোক কিংবা রাত। কোনো সমস্যা নেই। স্বেচ্ছায় রক্তদানকারী ‘আত্মীয়’ নামের একটি সামাজিক সংগঠন এভাবেই মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ায়। সংগঠনটি তিন বছরের বেশি সময় ধরে রক্তদানের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সংগঠন থেকে ৭১২ জনকে রক্ত দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ২০১৮ সালের ১৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘আত্মীয়’ সংগঠনটি আত্মপ্রকাশ করে। গত ১৭ আগস্ট সংগঠনটি তিন বছর পূর্ণ করে চতুর্থ বছরে পা দিয়েছে। রক্তদানের পাশাপাশি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা।
সংগঠন সূত্রে জানা গেছে, সংগঠনটির মোট নিবন্ধিত রক্তদাতার সংখ্যা ১ হাজার ৪৮৮। তিন বছরের বেশি সময়ে সংগঠনের পক্ষ থেকে মোট ৭১২ সদস্য রক্তদান করেছেন। অন্তঃসত্ত্বা মায়েদের আস্থার প্রতীক হয়ে উঠছে ‘আত্মীয়’। ‘আত্মীয়’–এর রক্তদান কর্মসূচি জেলার বাইরে ঢাকা এবং দেশের বাইরে আগরতলায় অব্যাহত আছে। আগরতলায় সংগঠনের পক্ষ থেকে এ পর্যন্ত তিনজনকে রক্ত দেওয়া হয়েছে।
আগরতলার ৩০ সদস্য এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। ‘আত্মীয়’ নামের একটি ফেসবুক পাতা আছে। ২০১৯ সালের ১২ অক্টোবর আত্মীয় ডট ইনফো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হক।
সমীর চক্রবর্তী নামের এক ব্যাংক কর্মকর্তা এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক। মানুষের পাশে দাঁড়াতে আখাউড়ার শেখ দিপু, সুজন সাহা, হৃদয় দেব ও সমীর চক্রবর্তী মিলে একটি সংগঠন প্রতিষ্ঠার চিন্তা করেন। পরে ২৭ তরুণ-যুবক মিলে বসে সিদ্ধান্ত নেন। সমীর সংগঠনের নাম দেন ‘আত্মীয়’। সদস্যসংখ্যা বাড়তে থাকে। সুশীল সমাজ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আত্মীয়ের সঙ্গে সম্পৃক্ত হতে থাকে। রক্তের প্রয়োজনে একটি মুঠোফোন নম্বর আত্মীয়ের নামে নিবন্ধন করা হয়। যে কেউ এখন সেই নম্বরে কল করে রক্ত পান।
জানা গেছে, এই সংগঠন মূলত জরুরি প্রয়োজনে রক্তের চাহিদা মেটায়। তবে শুধু রক্তদানের মধ্যেই সংগঠনের কার্যক্রম সীমাবদ্ধ নেই। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করা, হিজড়াদের স্বাস্থ্যসেবা ও সাধারণ জীবনে ফিরে আসতে উৎসাহ দেওয়া, উৎসবে কাপড় বিতরণ করার মতো কাজ করে তারা। পাশাপাশি বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন, বৃক্ষরোপণ এবং উপজেলার সিরাজুল হক আশ্রয়ণ প্রকল্পের মানুষদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের কাজও তারা করে।
সংগঠনের সদস্য শাহাবুদ্দিন বেগ ও রাকিব হাসান প্রথম আলোকে বলেন, করোনা মহামারিতেও মানুষের পাশে ছিল আত্মীয়। করোনার সময় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকদের নিয়মতি ফল ও দুধ দিয়েছে এই সংগঠন। করোনার সম্মুখযোদ্ধাদের সুরক্ষাসামগ্রী পৌঁছে দিয়েছে। করোনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক শ্যামল বণিক ও শুভ্র রায় টেলিমেডিসিন দেবা দিয়েছেন। প্রতিদিন ৫০-৬০ রোগী সেবা নিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীসহ উপজেলার বিভিন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। বিষয়টি নিয়ে ২০১৯ সালে প্রথম আলোতে একটি সম্পাদকীয়ও হয়েছে।
জানা গেছে, করোনার পরবর্তী সময়ে প্রকৃতি উৎসবের আয়োজন করে ১৩টি বাগানে ফুল ও ফলের গাছ লাগিয়েছে এই সংগঠন। ভার্চ্যুয়ালি এই কর্মসূচির উদ্ধোধন করেন আইনমন্ত্রী। উপজেলায় টিবি রোগে আক্রান্ত হয়ে জহিরুল ইসলাম নামের একটি ছেলে গোয়ালঘরে থাকত। তাঁর পাশে দাঁড়িয়েছে আত্মীয়। করোনার সময় আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে উপজেলার দুটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশিদের খাবার দিয়েছে এই সংগঠন।
আখাউড়ার রাধানগরের রাজীব সাহা বলেন, ‘একবার ঈদের দিন এক ঘণ্টার কম সময়ে আমার বোনের জন্য চার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছিল তাঁরা। আত্মীয় সত্যিকার অর্থেই মানুষকে বাঁচাতে কাজ করছে।’
আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা বলেন, ‘আত্মীয় সত্যিকার অর্থেই স্বার্থহীনভাবে মানুষের জীবন বাঁচাতে কাজ করছে। একদিন রাত ১২টার পর আমিও ছুটে যাই রক্ত দিতে।’
আত্মীয়র প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী বলেন, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দশকের বেশি সময় ধরে রক্তদান কার্যক্রম বন্ধ ছিল। দুই বছরের চেষ্টার পর এ বছরের মাঝামাঝি সময় থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তদান কার্যক্রম চালু হয়েছে। জেলায় বিভিন্ন ক্লিনিকে রক্তের গ্রুপ নির্ণয় ও ক্রসম্যাচিংসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ১ হাজার ৪০০ টাকা খরচ হতো। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সব ক্লিনিককে এসব পরীক্ষার জন্য ৭০০ টাকা নিতে নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ‘জেলায় এক লাখ রক্তদাতা তৈরি করতে চাই। জরুরি প্রয়োজনে রক্তের সংকট দূর করতে চাই।’