বিভাগ পরিবর্তন ইউনিট চালুর দাবিতে রাজশাহীতে ভর্তি–ইচ্ছুকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র
প্রথম আলো

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট চালুর দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচিতে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী। এর আগে গত ২১ ও ২২ ডিসেম্বর একই দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হতো। চলতি বছর ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে হবে। তবে এবার থাকছে না বিভাগ পরিবর্তনের সুযোগ। পরীক্ষা হবে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—তিনটি পৃথক ইউনিটে।

গত ১৯ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, সব ইউনিটের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসির ফলাফল যোগ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ–৬, বাণিজ্য বিভাগের জন্য জিপিএ–৬.৫ ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৭ থাকতে হবে।

মানববন্ধনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, তাঁরা বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে আসছেন। কিন্তু এবার বাণিজ্য শাখা ও বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারছেন না। নতুন এই সিদ্ধান্তে তাঁদের অভিভাবকেরাও শঙ্কিত। তাই তাঁরা আগের মতো ভর্তি পরীক্ষা চান অথবা বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানান। এটি না হলে ভর্তি-ইচ্ছুক অসংখ্য শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা ক্ষোভ জানিয়ে বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর থেকেই প্রস্তুতি নিয়ে আসছেন যে তাঁরা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবেন। কিন্তু ইউজিসি হঠাৎ করে সিদ্ধান্ত চাপিয়ে দিল যে এবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হবে আর একটি বিভাগের শিক্ষার্থীরা মাত্র একটি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এ সিদ্ধান্ত দ্রুত পরিবর্তন করে শিক্ষার্থীদের কথা বিবেচনা করার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন ভর্তি-ইচ্ছুক জাকিরুল ইসলাম, মেজবাউল ইসলাম, রাব্বি হাসান, আরিফা, ফারিহা প্রমুখ।