বিভিন্ন দাবিতে রংপুর সিটি বাজারে ধর্মঘট, ক্রেতাদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন দাবিতে রংপুর নগরের সিটি বাজারে ধর্মঘট চলছে। মঙ্গলবার সকালে
ছবি: মঈনুল ইসলাম

বাজারের অভ্যন্তরীণ রাস্তা প্রশস্ত করা, পর্যাপ্ত নালা নির্মাণ, পার্কিং, আধুনিক টয়লেট নির্মাণ, গেট নির্মাণসহ বিভিন্ন দাবিতে রংপুর সিটি বাজারে দিনব্যাপী ধর্মঘট পালিত হচ্ছে। সিটি বাজার ব্যবসায়ী সমিতির ডাকে এ ধর্মঘট পালন করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে কাঁচাবাজারসহ সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

আজ সকালে নিত্যপণ্য কিনতে এসে অনেকেই ফিরে গেছেন। নগরে গুপ্তপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, শেষ পর্যন্ত বাজারেও ধর্মঘট দেখতে হচ্ছে। মানুষকে জিম্মি করে এভাবে আর কত হরতাল-ধর্মঘট দেখতে হবে জানি না।

জুম্মাপাড়া এলাকার বাসিন্দা দিদারুল ইসলাম বলেন, ‘বাড়িতে মেহমান আসবে। তাই বাজারে কেনাকাটা করতে এসে শুনলাম ধর্মঘট চলছে। বড় বাজার বলে এখানে শহরের মানুষ প্রতিদিন কেনাকাটা করে। এখন বাধ্য হয়ে শহরের বিভিন্ন এলাকায় ছোট বাজারে যেতে হবে।’

ধর্মঘট চলাকালে বেলা ১১টায় সিটি বাজার ব্যবসায়ী সমিতি এক প্রতিবাদ সভা করেছে। সমিতির সভাপতি মোস্তফা জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, প্রতিবছর সিটি বাজারে দুই থেকে আড়াই কোটি টাকা রাজস্ব আদায় করা হয়। অথচ ৩৫ বছরে অবহেলিত রংপুর সিটি বাজারে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ বিষয়ে মেয়রের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হলেও আশানুরূপ কোনো সাড়া পাওয়া যায়নি। বক্তারা আরও বলেন, মেয়রের পক্ষ থেকে বারবার আশ্বাস দিয়ে দীর্ঘদিন অতিবাহিত হলেও গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখা হয়নি। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

ব্যবসায়ীদের দাবি প্রসঙ্গে মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ইতিমধ্যে টয়লেট নির্মাণকাজ চলমান। বাজারের চারপাশে আটটি গেট নির্মাণ করা হয়েছে। কয়েকটির নির্মাণ চলছে। বাজারের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য প্রধান সড়কের পাশে সিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানও করা হয়েছে। সেই সঙ্গে নর্দমা নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই এসব কাজ দৃশ্যমান হবে।