বিমাকর্মীকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার ৫
ফরিদপুরে ৪০ বছর বয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ওই নারী বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শনিবার বেলা তিনটার দিকে মধুখালী উপজেলার একটি মৎস্য খামারে এ ঘটনা ঘটে।
গত রোববার রাতে মধুখালী থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী মামলা করেন।
ওই মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন ফরিদপুরের মধুখালীর মো. ইমদাদুল (৪০), ফরহাদ শেখ (৩০) ও জুয়েল শেখ (২৮) এবং রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার লিটন মোল্লা (৩৯) ও ফরিদ মোল্লা (২৪)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) রথীন্দ্রনাথ তরফদার বলেন, রোববার রাতে মামলা হওয়ার পর ওই রাতেই অভিযান চালিয়ে মো. ইমদাদুলকে গ্রেপ্তার করা হয়। তিনি দায় স্বীকার করে গতকাল সোমবার বিকেলে জেলার ৫ নম্বর আমলি আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে গতকাল এ মামলার বাকি চার আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেছেন, তিনি একজন বিমাকর্মী। বিমা খোলার কথা বলে ইমদাদুল তাঁকে মৎস্য খামারে ডেকে নেন। এরপর তিনজন তাঁকে ধর্ষণ করেন। তাঁদের এ কাজে সাহায্য করেছেন অপর দুজন।