বিয়ে করতে এসে বর শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট
লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে গিয়েছিলেন ২৪ বছর বয়সী বর লাইজু মিয়া। কিন্তু বিধিবাম। বিয়ের বদলে এক মাসের কারাদণ্ড নিয়ে কারাগারে যেতে হয়েছে লাইজু মিয়াকে। একই সঙ্গে বিয়ের আয়োজন করায় কনের নানাকেও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাতে উপজেলার বারঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিয়ের খবর পেয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। এ সময় বর এবং কনের বাবাসহ অন্যরা পালিয়ে যান। ওই ছাত্রী ইউএনওকে জানায়, তার অমতে বিয়ের আয়োজন করা হয়েছে। সে এখনই বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়।

এরপর আদালত বর লাইজু মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বিয়ের আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করায় কনের নানা জসীম উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন। লাইজু মিয়াকে আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদিতমারীর ইউএনও জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ছাত্রী পড়তে চাইলে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মাদ্রাসার কমিটিসহ অন্যদের তার খোঁজখবর রাখতে বলা হয়েছে।

মেয়ের মা রশিদা বেগম আজ প্রথম অ​ালোকে মোবাইলে বলেন, ‘অল্প বয়সে বিয়া দেওয়া দোষ, জানলে মেয়ের বিয়া ঠিক করতাম না। ও পড়তে চায়, ওকে পড়ামু। আর বিয়া দিমু না।’