বিরলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়া
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরলে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বিজোড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুজন ইসলাম (২৬)। তিনি দিনাজপুর পৌর শহরের ষষ্ঠীতলা হাড্ডিগুদাম এলাকার আবদুল জলিলের ছেলে। ষষ্ঠীতলায় একটি দোকানে তিনি কাজ করতেন বলে জানা গেছে।

দিনাজপুর জিআরপি থানা সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টায় বিরল স্টেশন থেকে সান্তাহারগামী কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি বাবুপাড়া এলাকায় পৌঁছালে রেললাইনে বসে থাকা সুজন সেখানে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এক আত্মীয়ের বাসা থেকে ওই ট্রেনেই বাড়ি ফিরছিল সুজনের ছোট ভাই মো. বাবু (১২)। বাবু জানায়, ট্রেনটি বাবুপাড়ায় পৌঁছে দীর্ঘক্ষণ ধরে হর্ন বাজানো শুরু করে। অন্য সবার মতো জানালা দিয়ে বাবুও সামনে দেখার চেষ্টা করছিল। রেললাইনে তখন একজন উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে ছিল। পরে দিনাজপুর স্টেশনে নেমে বাবু আবার ইজিবাইক নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে ট্রেনের নিচে কাটা পড়া লাশটি তাঁর ভাইয়ের বলে সে শনাক্ত করে। এদিকে নিহতের পরিবার জানিয়েছে, সুজন কানেও কম শুনতেন।

দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুর হক ভূঁইয়া জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।