বিরলে বিদ্যালয় ছুটি দিয়ে মাঠে নৌকা প্রার্থীর কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয় মাঠে কর্মিসভা করেন নৌকার প্রার্থী। শনিবার দিনাজপুরের বিরলের বিজোড়া ইউনিয়নের রঘুপুর উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

দিনাজপুরের বিরল উপজেলায় প্রধান শিক্ষককে বলে বিদ্যালয় ছুটি দিয়ে মাঠে কর্মিসভা করেছেন নৌকা প্রতীকের এক প্রার্থী। নির্বাচনী আচরণবিধিতে বেলা ২টা পর্যন্ত জনসভা করায় নিষেধাজ্ঞা থাকলেও কর্মিসভা করা হয় বেলা ১১টার দিকে।

শনিবার সকালের এ ঘটনা বিরলের বিজোড়া ইউনিয়নের রঘুপুর উচ্চবিদ্যালয়ে। বেলা ১১টার দিকে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হলে শিক্ষার্থীরা চলে যায়। এরপর মাঠে কর্মিসভা করেন নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন। তিনি বিজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। টানা দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছেন।

আগামী ১৫ জুন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। রিটার্নিং কর্মকর্তা দুই দিন আগে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন। এর পর থেকেই প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

সকালে বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যে বিশাল বড় শামিয়ানা টানানো হয়েছে। নিচে মঞ্চের সামনে তিন শতাধিক চেয়ার পাতা। মাঠের মধ্যে অর্ধশতাধিক মোটরসাইকেল। কর্মিসভায় দেওয়া বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চান বক্তারা।

নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন বলেন, কর্মিসভা করার বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে অনুমতি নেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন স্কুল ছুটি দিয়ে কর্মিসভা করা ঠিক হয়নি।

বিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশে যাওয়ার পথে কয়েক শিক্ষার্থী বলে, সকাল সাড়ে ১০টার দিকে হাজিরা নিয়ে ছুটি ঘোষণা করা হয়। এ সময় আশপাশে থাকা এক অভিভাবক বলেন, বর্তমান প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত। চেয়ারটা ঠিক রাখার জন্য সবাইকে সন্তুষ্ট রাখছেন।

রঘুপুর উচ্চবিদ্যালয়ে কয়েক মাস আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাহান আলী। বিদ্যালয় ছুটি দিয়ে নির্বাচনী সভা করার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমার ভুল হয়েছে। আর কোনো দিন এমন ঘটনা ঘটবে না।’

বেলা ১১টা থেকে শুরু হয়ে কর্মিসভা চলে ৩টা পর্যন্ত। রঘুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে লাগোয়া রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার বিদ্যালয়ে উপস্থিত ছিল দেড় শতাধিক শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, মাইকের শব্দে ঠিকমতো পাঠদান সম্ভব হয়নি।

বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা হচ্ছে, এমন খবর পেয়ে বেলা পৌনে একটার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। পরে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, বিদ্যালয় ছুটি দিয়ে এভাবে জনসভার অনুমতি দেওয়া নিয়মবহির্ভূত। প্রধান শিক্ষককে আগামীকাল (রোববার) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সকাল থেকে বেলা দুইটার আগপর্যন্ত জনসভা, মোটরসাইকেল শোভাযাত্রা, প্রচার মাইকে ডাবল হর্ন লাগানো বিধিবহির্ভূত। ওই প্রার্থীর (নৌকা) বিষয়টি তিনি অবগত হয়েছেন। ইতিমধ্যে তাঁকে কারণ দর্শানোর চিঠি পাঠিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।