বিরলে বৃষ্টির জন্য ধুমধাম করে ব্যাঙের বিয়ে!
ব্যাঙের বিয়ে, সেটাও মহা ধুমধামের সঙ্গে। হিন্দুরীতি অনুসারে বিয়ের জন্য ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়েহলুদ, আশীর্বাদ, ধান-দূর্বা, ভোজন—সব ধরনের ব্যবস্থাই ছিল। শুধু তা-ই নয়, বিয়েতে নিমন্ত্রিত অতিথিরাও ব্যাঙ-দম্পতিকে দিয়েছেন নগদ অর্থসহ বিভিন্ন ধরনের উপহারসামগ্রী।
দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভারাডাঙ্গী বেতুরা পশ্চিমপাড়া গ্রামে গতকাল শনিবার দুপুরে ওই বিয়ে হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, যে বছর অনাবৃষ্টির কবলে পড়ে, সেই বছরই তাঁরা বৃষ্টির জন্য ব্যাঙের এ ধরনের বিয়ের আয়োজন করেন। আয়োজকেরা বলেন, হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণে বর্ণিত বৃষ্টির দেবতাকে খুশি করার জন্য সেই সময় ব্যাঙের বিয়ের প্রচলন ছিল। সেই ধারা অনুসারে ব্যাঙের বিয়ের আয়োজন করে থাকেন ওই এলাকার বাসিন্দারা। তাঁদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টির দেবতা খুশি হয়ে বৃষ্টি দেন।
গতকাল বেলা পৌনে একটার দিকে ওই এলাকায় গিয়ে দেখা যায়, শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে দুই ব্যাঙকে বিয়ে দিতে গায়েহলুদের আয়োজন করছেন। পাশেই চলছে রান্নার কাজ। সবজি দিয়ে খিচুড়ি। সঙ্গে আমড়ার চাটনি, আলুর দম। চলছে বাদ্য-বাজনা। কিশোর-তরুণেরাও দল বেঁধে নাচছে।
বিয়েতে উপস্থিত ভারাডাঙ্গী গ্রামের গৃহবধূ শেফালী রানী রায় (৬০) বলেন, তিনি সেজেছেন বরের মা। গ্রামের অপর গৃহবধূ ডালো রানী রায় (৪০) বলেন, তিনি কনের মা সেজেছেন। উভয় পক্ষ নিজ নিজ পক্ষে গায়েহলুদের আয়োজন করে। বর ও কনে পক্ষের অতিথিরা একে অন্যের আয়োজনে অংশ নেন। এরপর শুরু হয় মূল বিয়ের কার্যক্রম।
বড় বড় সোনা ব্যাঙ দুটিকে তেল-সিঁদুর মাখিয়ে গা-গোসল করানোর পর বসানো হয় বিয়ের পিঁড়িতে। মালাবদলসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয় বিয়ের পর্ব। বিয়ে শেষে বর-কনেকে বসানো হয় আরেকটি স্থানে। সেখানে বরপক্ষ ও কনেপক্ষ উভয়েই ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে নবদম্পতিকে। এরপর অনেকেই নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী দেন।