পদ্মা সেতু নির্মাণে সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল। স্বপ্নের সেই পদ্ম সেতু নির্মাণের চ্যালেঞ্জে সফল হয়েছে সরকার। বিশাল মঞ্চের সামনে কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে স্বপ্নের সেই পদ্মা সেতু। রাতের বেলায় পদ্মা সেতুতে জ্বলছে লাল-নীল-সবুজ বাতি। এতে পারাপার হচ্ছিল ট্রেন ও বাস। এটি ঠিক যেন আসল পদ্মা সেতু।
জয়পুরহাটের আক্কেলপুর পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে আগত নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানাতে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে একটি চ্যালেঞ্জিং প্রকল্প পদ্মা সেতু এভাবেই তুলে ধরা হয়েছে। যৌথ সম্মেলন ঘিরে আক্কেলপুর এমআর ডিগ্রি সরকারি কলেজ মাঠে বিশাল মঞ্চের সামনে কাঠের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটায় এই যৌথ সম্মেলনের উদ্বোধন করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সম্মেলনকে ঘিরে প্রায় ৮ হাজার লোকের ভূরিভোজের জন্য ১২ মণ খাসির মাংস দিয়ে ২৫ মণ চালের বিরিয়ানি রান্না করা হবে। সম্মেলনকে কেন্দ্র করে আক্কেলপুর পৌর শহরে বিরাজ করছে সাজ সাজ রব। পৌর শহরের প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। রাস্তার দুই পাশে রয়েছে বিভিন্ন রঙের পতাকা।
সম্মেলনের আগের দিন গতকাল বৃহস্পতিবার রাত আটটায় সম্মেলনস্থলে গিয়ে দেখা গেছে, বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। প্যান্ডেলের ভেতর একটি বিশাল মঞ্চ রয়েছে। সেই মঞ্চের সামনে রয়েছে কাঠের তৈরি পদ্মা সেতু। সেতুতে লাল-নীল-সবুজ রঙের বাতি জ্বলছে। এতে চলাচল করছে বাস-ট্রেন। তবে সেইগুলো আসল নয়, খেলনা। মঞ্চের ওপর দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বসিত কণ্ঠে গান পরিবেশন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। প্রায় ছয় বছর ধরে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়নি। এত দিন আহ্বায়ক কমিটি দিয়েই কাজ চলছে। একই অবস্থা দলের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগেরও। তাই যৌথ সম্মেলন করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের চেয়ে যৌথ সম্মেলন আরও বেশি জাঁকজমক করার সিদ্ধান্ত হয়। স্থানীয় বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি ও ওয়ার্কার্স পার্টি নেতাদের আমন্ত্রণ জানিয়ে দাওয়াত কার্ড দেওয়া হয়। একইভাবে ব্যবসায়ী সমিতি, শিক্ষক সমিতি, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, সাংবাদিকদেরও আমন্ত্রণ জানিয়ে কার্ড বিলি করা হয়।
দলীয় নেতা-কর্মীরা জানান, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে এক ডজনের বেশি পদপ্রত্যাশী রয়েছেন। তাঁরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে ৪০ জন পদপ্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী বলেন, ‘আমি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। আমি আমার জীবনবৃত্তান্ত জমা দিয়েছি। সম্মেলনে আমাকে কাঙ্ক্ষিত পদে নির্বাচিত করা হবে বলে আশা প্রকাশ করছি।’
যৌথ সম্মেলনের আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক মজিবর রহমান প্রথম আলোকে বলেন, যৌথ সম্মেলনে খাওয়ানোর জন্য ২৫টি খাসি কেনা হয়েছে। এসব খাসির মাংসের ওজন ১২ মণ। খাসির মাংসের মিশ্রণে ২৫ মণ চালের বিরিয়ানি রান্না করা হচ্ছে। আট হাজারের বেশি মানুষকে এই বিরিয়ানি খাওয়ানো হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির প্রথম আলোকে বলেন, যৌথ সম্মেলনে আট হাজারের বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। যৌথ সম্মেলনকে ঘিরে প্রায় সপ্তাহ ধরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে পদপ্রত্যাশীদের সিভি জমা নেওয়া হয়েছে এবং ডোপ টেস্টও করা হয়েছে। স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তিরাই দলীয় পদ-পদবি পাবেন। যৌথ সম্মেলনে উত্তরবঙ্গের কৃতী সন্তান জয়পুরহাটের মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী প্রথম আলোকে বলেন, ‘যৌথ সম্মেলনে আমরা জামায়াত বাদে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। উৎসবমুখর পরিবেশে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সব প্রস্তুতি শেষ করেছি। এ সম্মেলনে সারা দেশসহ জয়পুরহাট জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হবে। সরকারের বড় সাফল্য স্বপ্নের পদ্মা সেতু সম্মেলনে তুলে ধরা হয়েছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, যৌথ সম্মেলনকে ঘিরে অনুষ্ঠানস্থলে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে সম্মেলনস্থলে ঢুকতে দেওয়া হবে।