বিরামপুরে তিন দলেরই একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এন এ এম জামিল হোসেন ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন ব্যবসায়ী। তাঁরা দুজনেই হাকিমপুরে অবস্থিত হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক।
মনোনয়নপত্রের সঙ্গে জামিল হোসেন ও সাখাওয়াতের দেওয়া হলফনামায় এ তথ্য রয়েছে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় এই পৌরসভা নির্বাচনে এই দুজনসহ মেয়র পদে প্রার্থী রয়েছেন চারজন। কয়েকজন ভোটার প্রথম আলোকে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জামিল ও সাখাওয়াতের মধ্যে। যিনি মেয়র হবেন, হিলি বন্দরের ব্যবসা নিয়ন্ত্রণে তাঁর প্রভাব থাকবে। এ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের প্রার্থী মেয়র হলে বেশি সুবিধা পাবেন। এখানে মেয়র পদের বাকি দুই প্রার্থী জাতীয় পার্টির সুরুজ আলী শেখ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর সুমান খন্দকারও ব্যবসায়ী। হলফনামার তথ্যানুযায়ী, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নামে মামলা রয়েছে।
স্থলবন্দর থাকায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও হাকিমপুর পৌরসভা প্রতিষ্ঠার ১৬ বছর পরও পৌরবাসীর জন্য তেমন সুবিধা দিতে পারছে না। গতকাল বুধবার সরেজমিনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেল, ড্রেনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পৌর এলাকায় জলাবদ্ধতা হয়। পাইপ দিয়ে পানি সরবরাহের ব্যবস্থা নেই। পৌর শহরে উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। আর্থিক দৈন্যের কারণে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাই ১৫-১৬ মাস ধরে বেতন পান না। এমনকি বিল বকেয়া থাকায় গত বৃহস্পতিবার পৌর ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফলে পৌরসভার কাজকর্মে বিঘ্ন ঘটছে।

বর্তমান মেয়র ও বিএনপির মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন প্রথম আলোকেবলেন, পৌরসভার আয় একেবারেই কম। স্থলবন্দর হলেও বন্দরে পণ্য ল্যান্ডিংয়ের জন্য কোনো টাকা পায় না পৌরসভা। এখানে ভালো বাস ও ট্রাক টার্মিনাল নেই, হাটবাজার নেই। জলাবদ্ধতা নিরসনে ২৪ কোটি ৯৯ লাখ টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। তিনি মনে করেন, পৌর ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাটি উদ্দেশ্যমূলক।

হলফনামায় তথ্য: আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জামিল হোসেন হলফনামায় বলেছেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম মেসার্স হিলি শিপিং লাইনস। বাংলা হিলির সিপি রোডে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রিধারী ছাত্রলীগের সাবেক এই নেতা ব্যবসায় থেকে বার্ষিক আয় দেখিয়েছেন সাড়ে চার লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখিয়েছেন ২ লাখ ১০ হাজার টাকা। এককভাবে তাঁর ঋণের পরিমাণ ৯৫ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের হাকিমপুর শাখা থেকে এই ঋণ নেওয়া। তাঁর অকৃষি জমির পরিমাণ ৮৮ শতাংশ (হলফনামায় ৫৮ ও ৩০ শতাংশ আলাদাভাবে উল্লেখ করা)। পৈতৃক সূত্রে ১৭ শতাংশ জমির ওপর নির্মিত বাড়ির মালিক তিনি।

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন হলফনামায় বলেছেন, তাঁর আমদানি-রপ্তানিকারী প্রতিষ্ঠানের নাম মেসার্স লাবণী ইন্টারন্যাশনাল। এটি বাংলা হিলির সিপি রোডে অবস্থিত। ব্যবসায় থেকে বছরে আয় ১ লাখ ৪৪ হাজার টাকা। নিজের নগদ টাকা দেখিয়েছেন এক লাখ। অবশ্য গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ব্যবসা খুব একটা করেন না।

স্বশিক্ষিত সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের অভিযোগে একটি মামলা দিনাজপুর দ্রুত বিচার আদালতে বিচারাধীন আছে। অবশ্য তাঁর দাবি, মামলাটি রাজনৈতিক কারণে করা হয়েছে।

বিরামপুরে তিন দলেরই একাধিক প্রার্থী: ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে দিনাজপুরের বিরামপুর পৌরসভা গুরুত্বপূর্ণ। এখানে মেয়র পদে ছয়জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর পাশাপাশি দুই দলেরই একজন করে ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র হিসেবে জামায়াতের দুজন প্রার্থী হয়েছেন।

এখানে আওয়ামী লীগের প্রার্থী কলেজশিক্ষক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আক্কাস আলী। হলফনামা অনুযায়ী, তাঁর পেট্রলপাম্পও রয়েছে। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী লিয়াকত আলী সরকার।

বিএনপির প্রার্থী আজাদুল ইসলাম পৌর বিএনপির সভাপতি। তিনি রড, সিমেন্ট ও টিনের ব্যবসায়ী। ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে আছেন পৌর বিএনপির সদস্য হুমায়ুন কবির। দুই স্বতন্ত্র প্রার্থী হলেন জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এবং একই দলের শাহীনুর রহমান।