বিরামপুরে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার টাটকপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়ী উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ভ্যানচালক জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়া মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভ্যান নিয়ে চালক জহুরুল ইসলাম প্রতিবেশী সাইদুলকে নিয়ে বিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার টাটকপুর নামক স্থানে দিনাজপুরমুখী ওই বাস তাঁদের ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ ব্যাপারে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বাসটিকে জব্দ করা সম্ভব হয়নি। এর অবস্থান শনাক্ত করা হয়েছে। গাড়িটি জব্দের চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।