বিরোধ মীমাংসার সালিসে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই তরুণের বিরোধ মেটানোর জন্য ডাকা সালিসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব কুট্টাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তপন মিয়ার (২৪) সঙ্গে একই গ্রামের রকিম মিয়ার ছেলে সালমান মিয়ার (২৪) বিরোধ চলছিল। কয়েক দিন আগে সালমান মিয়াকে কৌশলে সদর উপজেলার সুহিলপুর এলাকায় নিয়ে যান তপন মিয়া ও তাঁর লোকজন। এরপর সেখানে সালমান মিয়াকে মারধর করা হয়।

এ নিয়ে গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকাল নয়টার দিকে গ্রামবাসী সালিসে বসেন। স্থানীয় বাসিন্দা আজহার উদ্দিনের সভাপতিত্বে সালিসে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাদেক মিয়া, সাবেক ইউপি সদস্য মিশু মিয়াসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। সকাল ১০টার দিকে সালিসের শেষের দিকে উভয় পক্ষের লোকজনের বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে মেজবা উদ্দিন (২৩), নাদিম মিয়া (২১), শাকিল মিয়া (২৩), শরুফা বেগম (৫০) ও রিপন মিয়াকে (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া সাইফুল ইসলাম (২৪), আলী আহাম্মদ (৬০), তপন মিয়া (২৪), শরিফুল ইসলামকে (৪০) জেলা সদরের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউপি সদস্য সাদেক মিয়া প্রথম আলোকে বলেন, বৈঠকের শেষ পর্যায়ে শাহজাহান মিয়ার বাড়াবাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন ঘটনা এ গ্রামে আর কোনো দিন ঘটেনি।

শাহজাহান মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রতিপক্ষের লোকজন সালিসে আমার ওপর হামলা করে। এরপর সংঘর্ষ লাগে।’
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন প্রথম আলোকে বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাহজাহান মিয়ার এক ছেলেকে (রিপন মিয়া) আটক করা হয়েছে। বর্তমানে গ্রামের পরিবেশ শান্ত।