পটুয়াখালী সদর উপজেলায় বিরোধপূর্ণ জমি দখল নিতে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছে একটি পরিবার। ভুক্তভোগী পরিবারের লোকজন আজ শুক্রবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিচার দাবি করেন।
লাউকাঠি ইউনিয়নের লাউকাঠি গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারে পক্ষে সাগর মালী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তাঁরা লাউকাঠি মৌজায় ৩ দশমিক ৫৭ একর জমির মালিক। পূর্বপুরুষ থেকে এই জমি তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু এলাকার মো. ইসমাইল হাওলাদার, জাকির শেখসহ কতিপয় ব্যক্তি ওই জমি দখলে নেওয়ার পাঁয়তারা করছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে ইসমাইল গং সম্পত্তির মালিকানা দাবি করছেন। এ নিয়ে আদালতে মামলা-মোকদ্দমা চলছে।
এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে হামলা চালানো হয়। ইসমাইল এবং ৫০ থেকে ৬০ জন ভাড়াটে সন্ত্রাসী ঢাল, লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের বেড়া কেটে ফেলে লুটপাট চালায়। তিনটি বাড়ি ভেঙে তছনছ করে। এর আগে গত ৩ সেপ্টেম্বরও ইসমাইল গং তাঁদের ওপর হামলা চালায়।
এ ঘটনার পর ভুক্তভোগীরা পটুয়াখালী সদর থানায় যান। কিন্তু পুলিশ মামলা না নিয়ে একটি সাধারণ ডায়েরি করেছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
অভিযোগের বিষয়ে ইসমাইল বলেন, ওই জমি তাঁরা ২০১৫ সালে কিনেছেন। তাঁরা কোনো হামলা চালাননি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।