‘বিরোধপূর্ণ’ জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা গ্রামে বিরোধপূর্ণ জমিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ওই গ্রামে ৯২ শতাংশ জমিতে ওই প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। তবে গ্রামের শেখ ছৈজদ্দিন, শেখ মোতালেব ও শেখ ছালাম দাবি করেছেন, পৈতৃক সূত্রে তাঁরা ওই জমির মালিক। তাঁরা জানান, ভুল করে ওই জমি সরকারি খাসভুক্ত হয়েছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এরপরও সেখানে সরকারি প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন।
জমির মালিকানা দাবিকারী ছৈজদ্দিন বলেন, তাঁর পূর্বপুরুষের নামে জমির এসএ রেকর্ড রয়েছে। আরএস রেকর্ডে সেটি সরকারি খাস হয়েছিল। এ বিষয়ে তাঁরা বাদী হয়ে সহকারী জজ আদালতে মামলা (৩২/১৯৮৬) করেন। ১৯৯৭ সালের ৩০ এপ্রিল আদালতের রায় তিন বাদীর অনুকূলে যায়। পরে রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করে।
২০০৩ সালের ২৮ আগস্ট আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখে সরকারি আপিল খারিজ করে দেন। এদিকে মামলা চলাকালে বিএস রেকর্ডেও ওই জমি খাস হিসেবে দেখানো হয়। তখন বাদীপক্ষ বিএস রেকর্ড সংশোধনের জন্য চরভদ্রাসন আদালতে মামলা (৬০/২০১৫) করে। ২০১৮ সালের ৩১ অক্টোবর রায় সরকারের অনুকূলে যায়। পরে বাদীপক্ষ জজ আদালতে আপিল মামলা করে। মামলাটি বিচারাধীন। মামলার পরবর্তী শুনানির তারিখ ১০ ফেব্রুয়ারি।
ছৈজদ্দিন আরও বলেন, ইউএনওর কার্যালয়ে তিনি জমির কাগজপত্র জমা দিয়েছেন। এরপরও কোনো সমাধান হয়নি।
ওই জমিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত ১৯ নভেম্বর আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু হয়। ওই কাজ বন্ধের দাবি জানিয়ে শেখ ছৈজদ্দিন ২৩ নভেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। তবে নির্মাণকাজ অব্যাহত রয়েছে।
এদিকে ওই জমিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত ১৯ নভেম্বর আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু হয়। ওই কাজ বন্ধের দাবি জানিয়ে শেখ ছৈজদ্দিন ২৩ নভেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। তবে নির্মাণকাজ অব্যাহত রয়েছে। নির্মাণকাজের দেখাশোনা করছেন ইউএনওর কার্যালয়ের অফিস সহায়ক বাবুল বিশ্বাস। তিনি বলেন, প্রকল্পের অধীনে ৩৬টি ঘর নির্মাণ করা হচ্ছে। ৪৭ জন মিস্ত্রি কাজ করছেন।
ইউএনও জেসমিন সুলতানা বলেন, ‘জমি নির্বাচনের ক্ষেত্রে সর্বশেষ জমির রেকর্ড পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএস রেকর্ডে ওই জমি খাসজমি। তা ছাড়া ওই জমি নিয়ে কোনো মামলা আছে বলেও শুনিনি। মামলা থেকে থাকলেও আদালত নিষেধাজ্ঞাও জারি করেননি। তাই সেখানে কাজ শুরু করা হয়েছে।’
জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক বলেন, বিরোধপূর্ণ জমিতে আশ্রয়ণ প্রকল্পের জন্য ঘর নির্মাণ করার কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। জমির মালিকেরা এসএ সংশোধন করে এবং বিএস দাগ সংশোধনের জন্য মামলা করেছেন। আশ্রয়ণ প্রকল্পের জন্য এ রকম জমি নির্বাচন করা যথার্থ হয়নি।